ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ইপকো ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে হোটেল ও গলফ কোর্স নির্মাণের জন্য জমি ইজারার চুক্তি বাতিল করবে।
সংশ্লিষ্ট মন্ত্রী জি এম কাদের সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
এর কারণ হিসেবে মন্ত্রী বলেন, ভবিষ্যতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের জমির প্রয়োজন রয়েছে।
বিমানবন্দর এলাকায় এখনই স্থান সঙ্কট দেখা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ২১ এপ্রিল সর্বসম্মতিক্রমে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানিটির সঙ্গে স্বাক্ষরিত ওই চুক্তিটি বাতিল করার আহ্বান জানায়।
১৯৯৯ সালের এই চুক্তি অনুযায়ী, বিমানবন্দর সংলগ্ন ১৪৪ একর জমিতে একটি হোটেল ও একটি গলফ কোর্স নির্মাণ করার কথা ছিল।
জিএম কাদের তার কার্যালয়ে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদীয় স্থায়ী কমিটির সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে আমরা ইপকোর সঙ্গে চুক্তি বাতিল করবো।"
তবে চুক্তি বাতিলের আগে আইনি জটিলতার বিষয়টি পরীক্ষা করে দেখা হবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ৯০ শতাংশ এলাকায় সব সময় উড়োজাহাজের দখলে থাকে।
"এ অবস্থায় আমাদের নতুন উড়োজাহাজ এলে তা কোথায় রাখবো?" প্রশ্ন তোলেন কাদের।
মন্ত্রী বলেন, সংসদীয় কমিটির সব সদস্য কয়েকদিন আগে বিমানবন্দর পরিদর্শন করেছেন। তারা সবাই চুক্তিটি বাতিলের ওপর গুরুত্ব আরোপ করেন।
বিমান পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, "আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে ইপকো মোটেও চুক্তি অনুযায়ী কাজ করেনি।"
তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে ১৯৯৯ সালের চুক্তি অনুযায়ী, চুক্তি সইয়ের দেড় বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু করার কথা ছিল।
মোশাররফ বলেন, "তাই আমরা চুক্তি বাতিলের সুপারিশ করেছি। সেই সঙ্গে কোম্পানির বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বেসামরিক বিমান কর্তৃপক্ষকে বলেছি।"
১৯৯৯ সালে মোশাররফ হোসেন বিমান পরিবহন মন্ত্রী ছিলেন।
তিনি বলেন, ২০০২ সালের জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনের আগে বিলাসবহুল বহুতল হোটেল ও একটি গলফ কোর্স নির্মাণের জন্য ইপকোকে ৬০ বছরের জন্য ওই জমি দেওয়া হয়েছিল।
শেষ পর্যন্ত এই শীর্ষ সম্মেলন বাংলাদেশে হয়নি। কিন্তু চুক্তিটি বাতিল করা হয়নি।
কমিটি চেয়ারম্যান মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার প্রশ্ন, সম্মেলন না হওয়া সত্ত্বে
bdnews24