ঢাকা, এপিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা বেড়েই চলছে। বিরাজমান মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ আরও দু'তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দিনে প্রচণ্ড গরম আর রাতে ঠাণ্ডাসহ ঘন কুয়াশা, বিশুদ্ধ খাবার পানির অভাব, পচা-বাসি খাবার গ্রহণসহ নানা কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়াসহ গ্রীষ্মকালীন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। কোনো কোনো হাসপাতালে রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
তবে কোথাও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করস্পণ্ডেন্ট মইনুল হক চৌধুরী ও জেলা প্রতিনিধিরা জানাচ্ছেন বিস্তারিত-
ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অফিস সহকারী সাইদ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২৯২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর'বি) ভর্তি হয়েছে ৮৬৩ জন।
আইসিডিআরবি'র স্বল্পমেয়াদী ইউনিট প্রধান ডা. আজহারুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "তাপদাহ অব্যাহত থাকলে ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এ সময় যতটা সম্ভব নিজেকে পরিষ্কার রাখতে হবে।"
তিনি জানান, প্রচণ্ড তাপদাহে পানির চাহিদা বেড়ে যায়। অনেকেই পানির চাহিদা মেটাতে নোংরা পানি পান করে। এ ছাড়া গরমে খাদ্যদ্রব্য দ্রুত পচে যায়। বিশেষ করে দরিদ্র মানুষ পচা-বাসি খাবার খেয়ে থাকে বলে তারাই আক্রান্ত হয় বেশি।
নীলফামারী: সরকারি হিসেবে নীলফামারীতে গত ৭ দিনে শুধু জেলা সদর আধুনিক হাসপাতালেই ৩শ' ৬৮ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে। আর পুরো জেলায় আক্রান্ত হয়েছে অন্তত দেড় হাজার।
আধুনিক সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী দাস জানান, গত ৭ দিনে এ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৩শ' ৬৮ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১শ' ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং বাকিরা খাওয়ার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে বাড়ি চলে গেছে।
তিনি বলেন, সোমবার বেলা দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের ১০ বেডের ডায়রিয়া ওয়ার্ডে ২২ জন রোগী গাদাগাদি করে শুয়ে চিকিৎসা নিয়েছে। এক বিছানায় ২/৩ জন রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। জায়গা না থাকায় কেউ কেউ মেঝেতে থেকেও চিকিৎসা সেবা নিচ্ছে।
সব বয়সের রোগীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে আসছে বলে জানান কল্পনা রানী।
নীলফামারীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল মজিদ বলেন, দিনে প্রচণ্ড গরম আর রাতে ঘন কুয়াশা ও ঠাণ্ডার কারণে গ্রীষ্মকালীন নানা রোগবালাই দেখা দেয়। এ ছাড়া বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণেও ছড়িয়ে পড়ছে ডায়রিয়া।
শুধু খাবার থেকেই ডায়রিয়া হয় না, শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরা আর সারাদিন অভুক্ত থেকে খাবার খেলেও এ রোগ হতে পারে বলে জানান তিনি।
পটুয়াখালী: প্রচণ্ড গরমে পটুয়াখালীর জনজীবন অতিষ্ঠ। ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধ সবাই।
শিশু বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার সরকার জানান, প্রচণ্ড গরমে শিশুরা ডায়রিয়া, শ্বাসকষ্ট, ঠাণ্ডাজনিত রোগ, গায়ে ফোসকা পড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জল বসন্তেও আক্রান্ত হচ্ছে শিশুরা। বয়স্করা আক্রান্ত হচ্ছে ডয়রিয়া, ভাইরাস জ্বর, অস্থিরতা, চর্মরোগ, গলা ব্যাথাসহ নানা রোগে।
পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. আবুল খাইর জানান, এ বছর ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৫ জন। চলতি মাসের প্রথম ২০ দিনে আক্রান্ত হয় ৫১৯ জন।
ডা. আবুল খাইর আরও বলেন, "ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলার ৬৮ ইউনিয়নে ৬৮টি টিম কাজ করছে।"
মাদারীপুর: মাদারীপুরের ৪টি উপজেলায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। ভ্যাপসা গরম, বিশুদ্ধ খাবার পানির অভাব, পচা-বাসি খাবার গ্রহণের ফলে ডায়রিয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
স্যালাইন ও ঔষধ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান হাসপাতালের কর্মকর্তারা।
মাদারীপুর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. মজিবর রহমান উজ্জ্বল জানান, আজ (সোমবার) পর্যন্ত জেলার ৪টি উপজেলার হাসপাতালে ৫৫৯ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। তবে ডায়রিয়ায় কেউ মারা যায়নি।
এর মধ্যে সদর হাসপাতালে ৩১৭ জন, কালকিনিতে ১১০ জন, রাজৈরে ৯৯ জন এবং শিবচরে ৪৩ জন । আক্রান্তদের মধ্যে বেশির ভাগই মহিলা ও শিশু।
জেলায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জেলা সদরসহ বিভিন্ন গ্রামে গভীর ও অগভীর নলকূপ অকেজো হওয়ায় গ্রামের সাধারণ মানুষ নোংরা পানি খেয়ে ডায়রিয়াসহ নানা পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে।
মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমান জানান, মাদারীপুর জেলায় গভীর ও অগভীর মিলিয়ে মোট ১৭ হাজার ৫৭৩টি নলকূপ রয়েছে। এর মধ্যে অকেজো রয়েছে গভীর নলকূপ ৬৫টি এবং অগভীর নলকূপ ৪৫৫টি।
ভোলা: ভোলায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। জেলার ৭ উপজেলায় রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১৪ জন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ভোলা সদর ও লালমোহন উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি।
হাসপাতালগুলোর ডায়রিয়া ওয়ার্ডে সিট সংকুলন না হওয়ায় একই বেডে একাধিক রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে রাখা হযেছে হাসপাতালের মেঝেতে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ১ থেকে ১০ বছরের শিশু।
সিভিল সার্জন ডা. সৈয়দ খায়রুল আনাম জানান, গত এক সপ্তাহে ভোলা জেলায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭৮।
প্রচণ্ড গরম, বিশুদ্ধ পানির সংকট ও স্বাস্থ্য সচেতনতার অভাবে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডায়রিয়া প্রতিরোধে জেলায় ৬৩টি মেডিকেল টিম কাজ করছে বলেও সিভিল সার্জন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/ডিডি/এইচএ/২৩০০ঘ.
bdnews24