২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও মাগুরায় ১৪ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

যুদ্ধাপরাধের অভিযোগে সাতক্ষীরা ও মাগুরায় ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে সোমবার মাগুরায় দুজন এবং রোববার সাতক্ষীরায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলা এজাহারে আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধের অভিযোগে সাতক্ষীরা ও মাগুরায় ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে সোমবার মাগুরায় দুজন এবং রোববার সাতক্ষীরায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলা এজাহারে আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির পাঠানো খবর- মাগুরা: একাত্তরের মুক্তিযোদ্ধাদের সহযোগিতার করার জন্য ভাইকে হত্যার অভিযোগে মাগুরার বিচার বিভাগীয় হাকিম আদালতে সোমবার মামলাটি দায়ের করেন মাগুরার মহম্মদপুর গ্রামের নিজামউদ্দিন। বিচারক মনজুরুল ইমাম মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- উপজেলার আউনাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৬৫) এবং ঘুল্লিয়া গ্রামের দবির মোল্লা (৬৪)। নিজাম অভিযোগ করেন, তার ভাই তৈয়বুর রহমান ও ভগ্নিপতি সালাম মোল্লা ১৯৭১ সালের ১১ সেপ্টেম্বর ঘুল্লিয়া বাজারের পাশে খালে গোসল করছিলেন। এ সময় বিনোদপুর ক্যাম্পের রাজাকাররা মুক্তিযোদ্ধার ছদ্মবেশে সেখানে আসে। কৌশলে তারা জানতে পারে, তৈয়বুর রহমান মুক্তিযোদ্ধারের সহযোগিতা করছেন। তখন রাজাকার রাজ্জাক ও দবির খালের পাড়েই রাইফেলের গুলিতে তৈয়বুরকে হত্যা করে। তার ভগ্নিপতি সালাম স্থানীয়দের মধ্যস্থতায় তিনি ছাড়া পান। সাতক্ষীরা: হত্যা, অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১২ 'রাজাকারের' নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০/৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সাতক্ষীরার বিচারিক হাকিম হুমায়ূন কবিরের আদালতে মামলাটি করেন শ্যামনগরের বাধঘাটা গ্রামের চন্দনা রানী মণ্ডল। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মুন্সিগঞ্জ গ্রামের মুনসুর আলী সরদার (৮০), একই গ্রামের আবুবক্কর সরদার (৬৫), হামিদ সরদার (৭০), ফজর আলী গাজী (৭০), কোরবান গাজী (৬৫), নওয়াব আজির (৬৫), ইউসুফ আলী গাজী (৬০), উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা ঈশ্বরীপুর গ্রামের মহাসিন উল মূলক (৫৬), একই গ্রামের ইসরাফিল মোল্লা (৭০) ও কুদ্দুস মোল্লা (৫৮), শ্রীফলকাঠি গ্রামের আব্দুল জলিল (৫৬) এবং আবাদ চণ্ডিপুর গ্রামের আবুল হোসেন গাজী (৫৮)। চন্দনা রানী অভিযোগ করেন, তার বাবা মুন্সিগঞ্জ গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডল স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহযোগী ছিলেন। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে তিনি পরিবারের সদস্যদের দেশে রেখে ভারত যান। আসামি মুনসুর আলী সরদার ৪ অক্টোবর তাকে মুক্তিযোদ্ধা হিসেবে নাম লেখানোর কথা বলে ভারত থেকে বাংলাদেশে ডেকে আনেন। পরদিন বিকেলে তার বাবা তাকে নিয়ে মাছ কেনার জন্য কদমতলা নদীর কোরবান আলীর স্লুইস গেটে যান। এ সময় আসামি মহাসিন উল মূলক সুরেন্দ্রনাথ মণ্ডলের ডান হাতে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করেন। পরে আসামি মুনসুর সরদার ও মহাসিন উল মূলক তাকে মাটিতে ফেলে গুলি করে হত্যা করেন। চন্দনা ঘটনাস্থল থেকে ফিরে দেখেন তাদের বাড়িতে আগুন জ্বলছে। আসামিরা তাদের বাড়ি থেকে দুই লাখ টাকা, ২০ ভরি সোনার গহনা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলেও মামলায় উল্লেখ করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, মামলার কথা শুনেছেন। তবে আদালতের কাগজপত্র এখনও থানায় এসে পৌঁছেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৪ ঘ.