চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামে সিএনজি অটো রিকশা চালকরা সোমবার ধর্মঘট করার সময় নগরীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় তাদের সঙ্গে সংঘর্ষে আট পুলিশ আহত হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় ১৫ চালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পূর্বঘোষণা ছাড়াই সোমবার সকালে মিটারে অটো রিকশা চালানোর নিয়ম বাতিল এবং ট্রাফিক পুলিশের মামলা ও হয়রানি বন্ধের দাবিতে হঠাৎ করে অটো রিকশা চালক-শ্রমিক কল্যাণ পরিষদ এবং মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়।
হঠাৎ করে এ ধর্মঘটে অফিসমুখীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
পুলিশ বলেছে, এ সময় অটো চালকরা পঞ্চাশটির বেশি গাড়ি ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আট পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে চালকদের আন্দোলন কঠোর হস্তে দমনের ঘোষণা দিয়েছে মহানগর পুলিশ।
মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বিকেলে সিএমপি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে চালকদের দাবি ও দিনভর তাদের ভাঙচুরকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, "চালকদের মিটারে নির্ধারিত ভাড়ায় চালাতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
ধর্মঘট ডাকার আগে সিএনজি চালকরা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ দেখায়নি জানিয়ে তিনি বলেন, "এর পেছনে কারা আছেন তা খতিয়ে দেখা হবে।"
অটো রিকশা চালক-শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "মিটারে অটো রিকশা চালালে আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। এ অবস্থায় আমরা না পেরে এই ধর্মঘট ডাক দিয়েছি।"
ধর্মঘটের সময় নগরীতে চালকদের হাতে বেশ ক'জন যাত্রী লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম মহানগরীতে প্রায় ১৩ হাজার সিএনজি অটো রিকশা রয়েছে। মহানগর পুলিশ সিএনজি চালকদের মিটারে চালানোর নির্দেশ দিলেও তারা তা মানছিলেন না। এ অবস্থায় মিটারবিহীন ও মিটারে নির্ধারিত ভাড়ায় না চালানো অটো রিকশা আটক ও মামলা দেওয়ার হার জোরদার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/আরএআর/এএল/এসকে/২২০৫ঘ.
bdnews24