ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার সন্ধ্যায় 'সাপ্তাহিক আনন্দবার্তা' নামের এক পত্রিকার সাংবাদিক দেলোয়ার বিন সিরাজ এ জিডিটি করেন।
মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার খন্দকার মুহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে দেলোয়ার বিন সিরাজ রোববার সন্ধ্যার পর জিডিটি করেন।
জিডিতে অভিযোগ করা হয়েছে, তেজগাঁও থানার একটি মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্যে দেলোয়ার বিন সিরাজ আইজিপিকে অনুরোধ করেন। আসামিদের গ্রেপ্তার না করা হলে তিনি আত্মহত্যা করবেন বলেও জানান আইজিপিকে। কিন্তু এতেও আইজিপি কোনো পদক্ষেপ নেননি। তাই তিনি আত্মহত্যা করলে আইজিপি ও পুলিশ দায়ী থাকবে জানিয়ে এই জিডি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/২৩৫৫ঘ.
bdnews24