ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সরকারি কর্মকমিশনের পুনর্গঠনের পর বাদ পড়া প্রায় এক হাজার প্রার্থীর নিয়োগের উপায় খতিয়ে দেখতে সংসদীয় স্থায়ী কমিটি একটি রোববার উপকমিটি গঠন করেছে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে সরকারি কর্মকমিশন পুনর্গঠন করে। পুনর্গঠিত ওই কমিশন ২৭তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন অনিয়মের অভিযোগে নিয়োগের অপেক্ষায় থাকা উত্তীর্ণ প্রায় সাড়ে তিন হাজার প্রার্থীসহ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন করে মৌখিক পরীক্ষা নেয়। এতে উত্তীর্ণদের মধ্যে সহস্রাধিক প্রার্থী বাদ পড়ে। এর পর থেকেই ওই প্রার্থীরা তাদেরকে নিয়োগ এবং পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শনসহ আন্দোলন কর্মসূচি শুরু করে।
সংস্থাপন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রোববার সাংসদ এবিএম গোলাম মোস্তাফাকে প্রধান করে পাঁচ সদস্যের ওই উপ-কমিটি গঠন করা হয়।
পরে স্থায়ী কমিটির চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান বলেন, "বাদ পড়া প্রার্থীদের নিয়োগের উপায় খতিয়ে দেখতে আমরা পাঁচ সদস্যের একটি উপ-কমিটি গঠন করেছি।"
ওই কমিটি আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে জানিয়ে তিনি বলেন, "এর পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বাদ পড়া প্রার্থীরা চরম ভোগান্তির স্বীকার হয়েছেন বলেও মন্তব্য করেন সাংসদ আসাদুজ্জামান।
তিনি বলেন, "তাদেরকে সুযোগ দেওয়া উচিত।"
কমিটির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, এইচ এন আশিকুর রহমান, এম এ মান্নান, মো. আবু তালহা ও বরকতুল্লাহ বুলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২৩৮ঘ.
bdnews24