২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গরমে একজনের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় রোববার আনসার আলী (৬৫) নামের এক চাতাল শ্রমিক মারা গেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, আনসার আলী গরমের কারণে মারা গেছেন। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে যা সারা দেশেই গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

যশোর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- যশোরের শার্শা উপজেলায় রোববার আনসার আলী (৬৫) নামের এক চাতাল শ্রমিক মারা গেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, আনসার আলী গরমের কারণে মারা গেছেন। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে যা সারা দেশেই গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। ১৯ এপ্রিলের পর থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে যশোরেই। শার্শা গোলপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য বুলবুল হোসেন জানান, আনসার আলী বেলা ২টার দিকে নিজামপুর বাজারে খুলনা থেকে আসা একটি বাস থেকে নামেন। এরপর তিনি একটি চায়ের দোকানে পানি খান। কয়েক মিনিট পর সেখানেই তার মৃত্যু হয়। আনসারের বাড়ি শার্শা উটজেলার শ্যামলাগাছি এলাকায়। গরমের কারণে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো চিকিৎসকের মত পাওয়া যায়নি। যশোর এয়ারফোর্স আবহাওয়া অফিসের কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের রেকর্ড মতে এ বছরের এই তাপমাত্রা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। গত এক সপ্তাহ ধরে এ অঞ্চলে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। যশোর অঞ্চলে সর্বশেষ বৃষ্টিপাত হয়েছিল গত ২৪ মার্চ। এরপর থেকে একটানা তাপমাত্রা বেড়েই চলেছে। প্রচণ্ড গরমের সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুতের অসহনীয় লোড শেডিং। উপজেলাগুলোয় দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। ভ্যাপসা গরমে মানুষ রাতেও ঘুমাতে পারে না। এছাড়া রয়েছে পানির সমস্যা। অধিকাংশ অগভীর নলকূপে পানি উঠছে না। যশোর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মহিউদ্দীন জানান, বৃষ্টি না হওয়াতেই গত এক সপ্তাহ ধরে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২২৬ঘ.