ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে দেওয়া দুটি অস্ত্র মামলার কারাদণ্ডের রায় খারিজ করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ও বিচারপতি এস এম ইমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ ডিপজলের দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়।
২০০৭ সালের ২৬ জুলাই মামলা দুটিতে ডিপজলকে ২৪ (১৭ ও ৭) বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ আদালত।
ডিপজল এ রায় বাতিলের জন্য গত ১১ জানুয়ারি দুটি পৃথক আবেদন করেন।
তার আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রোববার হাইকোর্ট এ রায় দেয়।
ডিপজলের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার হেদায়েত হোসেন।
রায়ের পর ব্যারিস্টার হেদায়েত হোসেন সাংবাদিকদের বলেন, "দুটি অস্ত্র মামলায় ডিপজলকে দেওয়া নিম্ন আদালতের সাজার রায় বাতিল করেছে হাই কোর্ট।"
রায়ের ফলে এই সাবেক স্থানীয় জনপ্রতিনিধি ও জনপ্রিয় খলনায়ক জেল থেকে ছাড়া পাবেন কি না জানতে চাইলে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, "ডিপজলের বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। এগুলোর মধ্যে তিনটিতে তিনি জামিন পেয়েছেন। দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় এখনও জামিন হয়নি। ওই মামলায় জামিন পেলে ডিপজলের কারামুক্তি ঘটবে।"
অস্ত্র ও গুলি রাখার অভিযোগে ২০০৭ সালের ১৬ জানুয়ারি মীরপুর থানায় এই মামলা দুটি দায়ের করা হয়।
গত ডিসেম্বর মাসে রাজধানীর আদাবরের একটি বাসা থেকে ডিপজলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এলএইচ/এজে/১৮৪৮ঘ.
bdnews24