সিলেট, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষা ব্যবস্থার 'করুন অবস্থার' জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আট বছরে 'দুর্বৃত্ত সরকার' যাচাই-বাছাই না করেই ১২ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত করেছে। এসব বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছেন।"
শনিবার দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারে এম সাইফুর রহমান মিলনায়তনে সিলেট বিভাগীয় শিক্ষা সম্পর্কিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলেই শিক্ষার উন্নতি হবে।"
শিক্ষায় সিলেট বিভাগের অনগ্রসরতার কথা তুলে ধরে মুহিত বলেন, "সিলেট থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ঢাকাকেও এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আর এ জন্য বেসরকারি পর্যায়ের লোকজনকেই এগিয়ে আসতে হবে।"
তিনি বলেন, "সিলেটের সব প্রাথমিক বিদ্যালয়কে পাঁচ শিক্ষক বিশিষ্ট বিদ্যালয়ে উন্নীত করতে হবে। মাধ্যমিক বিদ্যালয় নিবন্ধনের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থা ও গুণগত মান বিবেচনা করতে হবে।"
এছড়া হাওরাঞ্চল ও চা বাগান এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ, বিজ্ঞান ও গণিত শিক্ষার ওপর গুরুত্বারোপ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার স্থাপন এবং মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পর্যদ গঠনের বিষয়টি পুনর্বিবেচনা, পরিচালনা পর্ষদে শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও দাতা প্রতিনিধিকে স্থান দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ, শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
সিলেটের বিভাগীয় কমিশনার ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ-উস-সামাদ কয়েস চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, ইমরান আহমদ, মুহিবুর রহমান মানিক, আবদুল মজিদ খান, আবু জাহিদ, সৈয়দা জেবুন্নেসা হক ও শাম্মী আক্তার এবং সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, "বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তরিক। আমরা বিশেষ করে সিলেটের শিক্ষার উন্নয়ন করতে চাই।"
শিক্ষামন্ত্রী বলেন, "দেশের কতকগুলো বিশেষ অঞ্চল শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে- পার্বত্য অঞ্চল, হাওর ও মঙ্গাপীড়িত অঞ্চল। আমরা এসব অঞ্চলের শিক্ষা উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিতে চাই।"
সেমিনারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-২) এর যুগ্ম কর্মসূচি পরিচালক চৌধুরী মুফাদ আহমদ 'সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা : সমস্যার স্বরূপ' এবং সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম আব্দুল খালেক 'সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গ' শীর্ষক দু'টি প্রবন্ধ উপস্থাপন করেন।
চৌধুরী মুফাদ আহমদ সিলেট অঞ্চলের শিক্ষা উন্নয়নে নয়টি সুপারিশ করেন। এর মধ্যে রয়েছে- জনসাধারণের সম্পৃক্ততায় সামাজিক আন্দোলন গড়ে তোলা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি, শিক্ষক নিয়োগের শর্ত স্থানীয়ভাবে ও সাময়িকভাবে শিথিল করে হাওর, চা বাগান ও প্রত্যন্ত এলাকায় স্থানীয় শিক্ষক নিয়োগ, বাংলাদেশের সকল তিন শিক্ষক বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয়কে পাঁচ শিক্ষক বিশিষ্ট বিদ্যালয়ে উন্নীত করা ও শিক্ষকতা পেশায় শিক্ষিত তরুণদের উদ্বুদ্ধ করা।
সেমিনারে অংশগ্রহণকারীরা সিলেটের শিক্ষা উন্নয়নে মন্ত্রীদের কাছে বিভিন্ন সুপারিশ পেশ করেন।
এসবের মধ্যে আছে- একমুখী শিক্ষা চালু, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, বিদ্যালয়গুলোতে বিশেষ ব্যবস্থায় স্থানীয় শিক্ষক নিয়োগ, শিক্ষকদের অপ্রাতিষ্ঠানিক কাজ থেকে বিরত রাখা, মেধার ভিত্তিতে পদোন্নতি, শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ, পরীক্ষার জন্য আলাদা অবকাঠামো তৈরি, আদিবাসীদের জন্য প্রাক প্রাথমিক বিদ্যালয় স্থাপন, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি, এবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন নীতিমালা প্রণয়ন ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24