রংপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি ৩৬ দিন ধরে বন্ধ রয়েছে। ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির একটি যন্ত্রাংশ নষ্ট হওয়ার কারণে ১৯ মার্চ উৎপাদন বন্ধ হয়ে যায়।
নতুন যন্ত্রাংশ প্রতিস্থাপন করে কেন্দ্রটি চালু করতে আরও ১০ দিন লাগতে পারে বলে কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোডগিয়ারের একটি যন্ত্রাংশ নষ্ট হওয়ার কারণে কেন্দ্রটি বন্ধ রয়েছে।"
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর যন্ত্রাংশটি ফ্রান্স থেকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাতা ফরাসী প্রতিষ্ঠানকে যন্ত্রাংশ নষ্ট হওয়ার বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২২ ঘ.
bdnews24