টাঙ্গাইল, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শনিবার এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত এবং দুইজন আহত হয়েছে। আহতদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ৮টার দিকে উপজেলার জামুর্কি বাস স্ট্যান্ডের উত্তর পাশে ডিম বোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়।
নিহতরা হচ্ছে- মির্জাপুর উপজেলার পাকুল্লা চুড়িওয়ালা পাড়ার আবদুল সামাদের স্ত্রী আয়েশা বেগম (৪০), তার মেয়ে সুফিয়া আক্তার (১৪) ও আয়েশা বেগমের বোন জুলেখা বেগম (৪৫) এবং রুনিয়া বেগম (১২)।
নিহত রুনিয়া বেগম এবং আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ডিম বোঝাই কাভার্ড ভ্যানটি জামুর্কি বাস স্টান্ডের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেয়।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, "এতে ঘটনাস্থালে একই পরিবারের তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়।"
পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৩৫ ঘ.
bdnews24