চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি সিইউএফএল-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন তালুকদার বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণির আদালতে দুপুর দু'টা থেকে তিনটা পর্যন্ত মোহসিন তালুকদার ১৬৪ ধারায় এ জবানবন্দী দেন।
মনিরুজ্জামান জানান, মোহসিন তালুকদারকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার তিনি জবানবন্দী দিতে রাজি হন।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জবানবন্দীতে সিইউএফএল-এর এই সাবেক কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন সাবেক কর্মকর্তার নাম উল্লেখ করেছেন।
তবে তদন্ত কর্মকর্তা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিতে দশ ট্রাক অস্ত্র খালাসের ওই সময়কালে মোহসিন তালুকদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে নেয় সিআইডি। বুধবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
মামলায় কারারুদ্ধ অন্যতম দুই আসামি হাফিজ ও দ্বীন মোহাম্মাদের আদালতে দেওয়া জবানবন্দীর ভিত্তিতে সিইউএফএল-এর চার সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে মোহসিন তালুকদারসহ দুই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে জিজ্ঞাসাবাদে মোহসিন তালুকদার সিআইডি কর্মকর্তাদের জানান, ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিতে অস্ত্রের চালানটি খালাস করার ঘটনা তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/টিআর/০০০৮ ঘ.
bdnews24