ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর জন্য সপ্তম পে-কমিশন (বেতন কমিশন) বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কী পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে তা জানাননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পে-কমিশনের চেয়ারম্যান মীর মোসতাফিজুর রহমান।
তবে অর্থমন্ত্রী জানিয়েছেন, কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর জন্য যে সুপারিশ করেছে তাতে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সরকারের মোট রাজস্বের ১০ শতাংশের নিচে থাকবে।
দুপুরে পে-কমিশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়ে মন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন জমা দেন।
পরে অর্থমন্ত্রী বলেন, "কমিশন আমার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে সেটা আমি নিজেও খুলে দেখিনি। তারা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কী পরিমাণ বাড়ানোর সুপারিশ করেছে সে বিষয়ে এখনো আমি কিছু জানি না।
তবে কমিশন সদস্যদের উদ্ধৃত করে তিনি বলেন, "তারা আমাকে যেটা জানিয়েছে তাতে মনে হয়েছে, যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সরকারের মোট রাজস্বের ১০ শতাংশের নিচে থাকবে।"
তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত এ কমিশনের সুপারিশে প্রথমবারের মতো কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রী জানান, কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের বিষয়ে সরকার একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করবে। ওই কমিটি প্রতিবেদনের নানা দিক পর্যালোচনা করার পরই তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। সে জন্য আরো ১৫ দিন অপেক্ষা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
মুহিত বলেন, গত সেপ্টেম্বর মাসে তত্ত্বাবধায়ক সরকার ১৩ সদস্যের যে কমিশন গঠন করেছিল অক্টোবর মাসের শেষ দিকে তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। কমিশন নির্ধারিত ছয় মাসের আগেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
কমিশনের সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা হবে কি না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "কমিশন যে সুপারিশ করেছে তা একসঙ্গে বাস্তবায়ন করতে হলে অনেক টাকার প্রয়োজন পড়বে। এ কারণে তা একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এর আগে কোনো কমিশনের সুপারিশই একসঙ্গে বাস্তবায়িত হয়নি।"
এরপর পে-কমিশনের চেয়ারম্যান মীর মোসতাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, "আমরা দেশের মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামোর সুপারিশ করেছি। সরকারের আয়-ব্যয়ের ভারসাম্যের বিষয়টিও এক্ষেত্রে সক্রিয় বিবেচনায় রাখা হয়েছে।"
বেতন-ভাতা বাড়ার বিষয়ে তিনিও কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
মোসতাফিজুর রহমান বলেন, "আমাদের সুপারিশের ফলে যে অতিরিক্ত টাকা লাগবে তা কোথা থেকে আসবে সে বিষয় বিশ্লেষণ করেও একটি সুপারিশ দিয়েছি। আমরা বলেছি, ভ্যাটের আওতা বৃদ্ধি ও কর ফাঁকি রোধ করে সরকার এই অতিরিক্ত অর্থ যোগাড় করতে পারে।"
তিনি আরো বলেন, "প্রতিবেদনে আমরা এ-ও সুপারিশ করেছি যে, প্রতি পাঁচ-ছয় বছর পর পর পে-কমিশন করার কোনো প্রয়োজন নেই। সরকারের নিজস্ব উদ্যোগে একটি শক্তিশালী সেল গঠন করা যেতে পারে। সেই সেল দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতি বছর অন্তর অন্তর একটি নির্দিষ্ট হারে বেতন-ভাতা বাড়ানোর ব্যবস্থা করবে। সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
ভারত ও পাকিস্তানে এ ধরনের সেলের ব্যবস্থা আছে বলেও জানান কমিশন চেয়ারম্যান মোসতাফিজুর রহমান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এএল/এসকে/২১১০ঘ.
bdnews24