২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ, পানি সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চলছে: তানজিম

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বৃহস্পতিবার বলেছেন বিদ্যুৎ ও পানি সমস্যা সমাধানে সরকার 'সর্বাত্মক চেষ্টা' চালাচ্ছে। এ ব্যাপারে বিরোধী দল জনগণ ও সরকারকে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তিনি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বৃহস্পতিবার বলেছেন বিদ্যুৎ ও পানি সমস্যা সমাধানে সরকার 'সর্বাত্মক চেষ্টা' চালাচ্ছে। এ ব্যাপারে বিরোধী দল জনগণ ও সরকারকে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুপুরে সড়ক নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার পর প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, "বিদ্যুৎ-পানি সমস্যা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।" এ জন্য ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সোহেল তাজ টানা দ্বিতীয় দিনের মতো সতর্ক করে দিয়ে এদিনও বলেন, পানি ও বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে কোনো 'বিশৃঙ্খলা' সহ্য করা হবে না। 'সুযোগ বুঝে' কেউ এ ব্যাপারে আন্দোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি। পানি ও বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও মন্ত্রী জানান। মাত্রাতিরিক্ত লোডশেডিং ও পানির অভাবে ক্ষুদ্ধ সাধারণ মানুষ রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রায়ই বিক্ষোভ প্রদর্শন করছেন। কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের বিক্ষোভেরও ঘটনা ঘটেছে। বিদ্যুৎ, গ্যাস ও পানি সঙ্কটের সমাধানসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধীদল বিএনপি। গত চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে হাজার কোটি টাকার দুর্নীতির কারণেই জনগণ এই সমস্যায় পড়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। "বিরোধী দল জনগণ ও সরকারকে কোনো সহযোগিতা করছে না। তারা জনগণের কথা না বলে ব্যক্তিগত বাড়ি রক্ষার কথা বলছে। বাড়ি রক্ষার নামেও কোনো ধরনের বিশ্খৃলা সহ্য করা হবে না"-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। সড়ক নিরাপত্তা সংক্রান্ত প্রকল্প সড়ক নিরাপত্তা সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়ে সোহেল তাজ বলেন, দুর্ঘটনা কমাতে বাস ও ট্রাক চালকদের মধ্যে সচেতনতা তৈরি করতে তাদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এ প্রশিক্ষণের সার্টিফিকেটের মাধ্যমে চালকরা নতুন লাইসেন্স তৈরি ও তা নবায়ন করার সুযোগ পাবে। দেশে প্রতি বছর ১০ হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান উল্লেখ করে তানজিম আহমেদ বলেন, "চালকদের সচেতন করতে পারলেই ২০-৩০ শতাংশ দুর্ঘটনা কমে যাবে।" সভায় বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি সাংসদ শাহজাহান খান, 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিসত্ত্বর বিডিআর তদন্ত শেষ সোহেল তাজ এসময় বলেন, বিডিআর ঘটনায় জাতীয় তদন্ত কমিটির কাজ 'অতিসত্ত্বর' শেষ হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর পুনর্গঠনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবে। ইতিমধ্যেই বিডিআর এর নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে সরকারের বিভিন্ন পর্যায় থেকে ধারণা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/এসকে/১৯৫৩ ঘ.