নেত্রকোনা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনা সদর, আটপাড়া, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার উপর দিয়ে বুধবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আট শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।
এছাড়া অনেক গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। ক্ষতি হয়েছে উঠতি বোরো ধানের।
ঘর ও গাছ চাপা পড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনের পর সকালে জেলা প্রশাসক মো. নুরুল আমিন সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলা সদর, আটপাড়া, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। সেইসঙ্গে প্রচণ্ড বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হল- আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর, মহিষপুর, চারিয়া, চকপাড়া, ইটাখলা, তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা, নেত্রকোনা সদরের আমতলা ও সিংহের বাংলা, কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া, পাচকাটা, হরিপুর, আনন্দপুর, গান্দরকান্দা, ফকির চান্দুয়াইল, বেতুয়া, উলুকান্দা ও নওগাঁ এবং দুর্গাপুর উপজেলার বিশ্বনাথপুর, গাওকান্দিয়া, কাকড়গড়া, কালামার্কেট।
আহতদের মধ্যে রইছ উদ্দিন (৫২), কোহিনুর বেগম (১৭), রুবেল (২৭), বকুল (৪৮), তাহেরা বেগম (৩১), গফুর মিয়া (৫৬), সামাদ (১৩), চান মিয়াকে (৩৯) রাতেই নেত্রকোনা আধুনিক সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ইতোমধ্যে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছেন বলে জানান জেলা প্রশাসক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24