২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসৎ উদ্দেশ্যে দুধের বাজার অস্থিতিশীল করা হলে ব্যবস্থা : পশুসম্পদ মন্ত্রী

অসৎ চিন্তা থেকে দুধের বাজার অস্থিতিশীল করা হলে সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে দুগ্ধ শিল্পে বিরাজমান সমস্যা সমাধানের উপায় নিয়ে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলোর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসৎ চিন্তা থেকে দুধের বাজার অস্থিতিশীল করা হলে সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে দুগ্ধ শিল্পে বিরাজমান সমস্যা সমাধানের উপায় নিয়ে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলোর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, প্রান্তিক খামারী, কোম্পানি এবং ভোক্তা-সবার স্বার্থ মাথায় রেখেই সমন্বয়ের মাধ্যমে দ্রব্যমূল্য স্থির করতে হবে। জনস্বার্থ এড়িয়ে শুধুমাত্র নিজেদের লাভ-ক্ষতি চিন্তা করে ব্যবসা করলে সরকার তা মেনে নেবেনা। প্রাণ, আফতাব, ব্র্যাক, আড়ং, মিল্ক ভিটা, আরডি মিল্ক, ফার্মফ্রেশ, অ্যামো মিল্ক ও ধামরাই ডেইরিসহ দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলোর প্রতিনিধিরা মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকারী কর্মকর্তা ও নেতাদের মধ্যে ছিলেন, মৎস্য ও পশুসম্পদ সচিব শাহ্ আলম, পশুসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ফণীভূষণ মণ্ডল এবং সাংসদ চয়ন ইসলাম। প্রান্তিক খামারীদের কাছ থেকে দুধ কেনা কমানোর কারণ হিসেবে কোম্পানীর প্রতিনিধিরা আন্তর্জাতিক বাজারে গুঁড়ো দুধের মূল্য কমে যাওয়ার কথা উল্লেখ করেন। তারা বলেন, বিদেশ থেকে অনেক নিম্নমানের দুধ আমদানি করা হচ্ছে বলে দেশীয় মানসম্মত দুধের বাজার পড়ে গেছে। তারা দুধ আমদানি কমানোর পরামর্শ দেন মন্ত্রীকে। মন্ত্রী প্রত্যেক প্রক্রিয়াজাতকরণ কোম্পানিকে গুঁড়ো দুধ প্রস্তুত কারখানা স্থাপনের পরামর্শ দেন। তিনি অভিযোগ করে বলেন, দাদনের মাধ্যমে প্রান্তিক খামারীদের নির্দিষ্ট কোম্পানিতে কম দামে দুধ বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাবধান করে দেন। বিভিন্ন এলাকায় রাস্তায় দুধ ফেলে দেওয়ার ঘটনাকে 'ষড়যন্ত্র' আখ্যা দিয়ে করে মন্ত্রী বলেন, "খামারীরা একদিকে দুধ বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলছে। অন্যদিকে ভোক্তারা উচ্চমূল্যে দুধ কিনছে তা হতে পারেনা। এ অবস্থা তদন্ত করে দেখা হচ্ছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৪৯ঘ.