২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো আইনে চলতি বছর পৌর ও ইউপি নির্বাচন হবে: সিইসি

পুরনো আইনে চলতি বছর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। বৃহস্পতিবার দুপুরে সাভারে ভোটার সংক্রান্ত তথ্যভাণ্ডারের জন্য সার্ভার স্টেশন স্থাপনের জায়গা পরিদর্শনকালে এ দুটি স্থানীয় নির্বাচন বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

সাভার, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরনো আইনে চলতি বছর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। বৃহস্পতিবার দুপুরে সাভারে ভোটার সংক্রান্ত তথ্যভাণ্ডারের জন্য সার্ভার স্টেশন স্থাপনের জায়গা পরিদর্শনকালে এ দুটি স্থানীয় নির্বাচন বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ কথা বলেন। বর্তমানে দেশে ৩০৮টি পৌরসভা ও ৪৪৯৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এদের অধিকাংশের নির্বাচনের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউপির মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। ২০ এপ্রিল নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গোপালগঞ্জে এক মতবিনিময় সভায় বলেছিলেন, স্থানীয় সরকার আইন না হওয়ায় সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ঝুলে আছে। সংসদে এ সংক্রান্ত বিল পাস হলে আগামী শীত মৌসুমে নির্বাচন করা সম্ভব হবে। আইন হলেই নির্বাচনের কাজ শুরু করা হবে। এর আগে গত ১৬ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল সাংবাদিকদের বলেছিলেন, সরকারের জন্য এ বছরটি হবে নির্বাচনের বছর। আগামী ডিসেম্বরের মধ্যেই সরকার সব নির্বাচন (সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন) শেষ করার প্রস্তুতি নিচ্ছে। এজন্য প্রয়োজনে কিছু কিছু আইনে সংশোধন আনা হবে। যেসব অসামঞ্জস্যতা রয়েছে, তা দূর করে নির্বাচন শেষ করা হবে। উপজেলা আইনের কারণে চেয়ারম্যানদের সঙ্গে সাংসদদের কথিত ক্ষমতার বিরোধ বিষয়ে তিনি বলেন, যেহেতু অধিকাংশ উপজেলায় সরকারদলীয় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তাই এ নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।" এ বিষয়ে পারস্পারিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন সিইসি। নির্বাচন কমিশন শক্তিশালী হলে তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই- একজন নির্বাচন কমিশনারের এ মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শামসুল হুদা বলেন, "এটা অনেক গভীরের কথা। আমি এ ধরনের কোন কথা বলিনি। এত বড় কথা আমি বলতে চাই না। এগুলো বলতে গেলেও অনেক চিন্তা-ভাবনার বিষয় আছে।" মৎস ও পশুসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা মামলার খারিজ বিষয়ে জানতে চাইলে ঠিকমত সাক্ষ্য না দেওয়াকে দায়ী করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, "আমরা আমাদের কাজ করেছি। কোন উদ্দেশ্য নিয়ে নয় বরং যথাযথ অভিযোগের ভিত্তিতেই তাঁর (মন্ত্রী) বিরুদ্ধে মামলা করা হয়েছিলো।" অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "নির্বাচন কমিশন আগের মতই শক্তিশালী, নিরপেক্ষ ও স্বাধীন।" সার্ভার স্টেশন বিষয়ে সিইসি জানান, সার্ভার স্টেশন হলে নির্বাচন সংক্রান্ত কোন কাজ করতে আগের মত আর ঢাকা যেতে হবে না। এ ছাড়া পরিচয়পত্রও এখান থেকেই তৈরি করা যাবে। কারও পরিচয়পত্র (ভোটার আইডি) হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে তা তাৎক্ষণিকভাবে এখান থেকে ঠিক করে নেওয়া যাবে। তার জন্য আলাদা ফি দিতে হবে। এসময় তার সঙ্গে আরও ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন, সাভার উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাব্বী মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোমিন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল গণি, ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকেয়া হক প্রমুখ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডাটাবেইজ সার্ভার স্টেশনের মাধ্যমে উপজেলা পর্যায়ে ভোটাররা তাদের তথ্য হালনাগাদসহ প্রয়োজনীয় কাজ করতে পারবেন। এর আগে তিনি কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় প্রস্তাবিত সার্ভার ষ্টেশনের স্থান পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৮ ঘ.