২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দু'দল পরিবহন শ্রমিকের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ: আহত ১৫

চাঁদপুরের কচুয়া উপজেলায় পরিবহন শ্রমিকদের দু'পক্ষের সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। কচুয়া-গৌরীপুর-ঢাকা রুটে 'গ্রীনসুপার' নামে একটি নতুন যাত্রীবাহী বাস চলাচল উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 06:47 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

চাঁদপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের কচুয়া উপজেলায় পরিবহন শ্রমিকদের দু'পক্ষের সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। কচুয়া-গৌরীপুর-ঢাকা রুটে 'গ্রীনসুপার' নামে একটি নতুন যাত্রীবাহী বাস চলাচল উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে আবুল খায়ের (৪০), মিজান (৩৫), লাল মিয়া (৩৫) ও নজরুলকে (২২) কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কচুয়া থানার উপ-পরিদর্শক দোলন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কচুয়া-গৌরীপুর-ঢাকা রুটে 'গ্রীনসুপার' নামে একটি নতুন যাত্রীবাহী বাস চালুর খবরে এই রুটে চালু 'সুরমা ট্রান্সপোর্ট'-এর মালিক-শ্রমিকরা সন্ধ্যায় আকানিয়া বাইপাস সড়ক অবরোধ করে। পুলিশের কথায় তারা অবরোধ তুলে না নিলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে কমপক্ষে ১৫ শ্রমিক আহত হয়। এদিকে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মালিক-শ্রমিকরা কচুয়া বাজারে দফায় দফায় মিছিল-সমাবেশ করে। মিছিল থেকে শ্রমিকরা সিয়াম নামের স্থানীয় একটি হোটেলেও হামলা চালায়। পুলিশ কর্মকর্তা বলেন, সড়ক অবরোধের ঘটনায় পুলিশ বাদী হয়ে প্রায় দেড়শ' জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০০৪৪ ঘ.