২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ দমনে 'মোটিভেশন কমিটি'

জঙ্গিবাদ দমনে গোয়েন্দা নজরদারি বাড়াতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) মো. নুরুন নবী তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গিবাদ দমনে গোয়েন্দা নজরদারি বাড়াতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) মো. নুরুন নবী তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে ১৭ সদস্যের এই 'মোটিভেশন কমিটি' করা হয়েছে। শুধু জঙ্গিবাদ নয়, যে কোনো ধরনের অপরাধ দমন ও আইনি বিষয়ে গণসচেতনতা সৃষ্টির জন্য কমিটি কাজ করবে।" স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে স্বরাষ্ট্র, শিক্ষা, আইন, ধর্ম, সমাজকল্যাণ, তথ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের সচিবকে সদস্য করা হয়েছে। এছাড়া মহা-পুলিশ পরিদর্শক, ডিজিএফআই, বিডিআর, আনসার ও ভিডিপি, এনএসআই, প্রধানমন্ত্রীর কার্যালয় ও র‌্যাবের মহাপরিচালক এবং অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে এ কমিটিতে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, জঙ্গি তৎপরতা দমনে নিবিড় গোয়েন্দা নজরদারির জন্য স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর নেতৃত্বে সরকার ১৭ সদস্যের এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে । কমিটি জঙ্গিবাদ দমনে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যেকোন ধরনের অপতৎপরতা দমনে আইনানুগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২৩০০ঘ.