২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্ররোচিত হয়ে জঙ্গিবাদে জড়িয়ে পড়াদের পুনর্বাসনের উদ্যোগ

প্ররোচনার শিকার হয়ে যেসব নিরীহ মানুষ জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েছে সরকার তাদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রির্পোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নব নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 06:26 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্ররোচনার শিকার হয়ে যেসব নিরীহ মানুষ জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েছে সরকার তাদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রির্পোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নব নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, "অনেক নিরীহ মানুষকে প্ররোচনা দিয়ে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে ফেলা হচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য সরকার উদ্যোগ নেবে। কেননা তারা সমাজেরই অংশ। ভুল পথে পরিচালিত হয়ে তারা জঙ্গি হয়েছে।" প্রতিমন্ত্রী জানান, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম এই তিন ধাপে জঙ্গিরা নতুন সদস্যদের দলে টানছে। তৃতীয় ধাপে নিরীহ ছাত্র বা যুবকদের দলে নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে যাদের নেওয়া হচ্ছে তাদের দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আর প্রথম ধাপে মেধাবীদের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যারা পরে সেনাবাহিনীসহ প্রশাসনের বিভিন্ন স্তরে ঢুকে পড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বলেন, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা আমাদের কাজে সহায়ক ভূমিকা রাখবে। আপনাদের যে কোনো গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, "আমরা ক্ষমতায় আসার পরই একটি চক্র নানা ষড়যন্ত্র করছে। আপনারা দেখেন প্রধানমন্ত্রীকে নাজেহাল করতে অনেক রকম চেষ্টা করা হয়েছে। আল্লাই তাকে রক্ষা করেছে। একুশে আগষ্ট একইভাবে আল্লাহ তাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছিলেন।" এ প্রসঙ্গে সাহারা খাতুন জানান, জঙ্গিদের অনেকেই ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে স্পষ্টই বলেছে 'শেখ হাসিনাই তাদের আসল টার্গেট। তাকে হত্যার সব রকম চেষ্টাই করা হবে'। তিনি বিডিআর বিদ্রোহ নিয়ন্ত্রণসহ গত প্রায় তিন মাসে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ক্র্যাব নেতৃবৃন্দকে অবহিত করেন। ক্র্যাব সভাপতি আক্তারুজ্জামান লাবলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ নির্বাহী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১১৫ ঘ.