২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সংকট: ক্ষোভের কথা আবারো জানালেন ঢাকার সাংসদরা

রাজধানীর তীব্র পানি সংকট নিয়ে আবারো নিজেদের ক্ষোভ এবং জনরোষের আশংকার কথা জানালেন ঢাকা ও নারায়ণগঞ্জের সাংসদরা। সংকট নিরসনে নতুন পাম্প স্থাপন, পানিবাহী গাড়ী সরবরাহ, পাম্প স্থাপনের জমি বরাদ্দে গতিশীলতা আনারও পরামর্শ দেন তারা। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকার পানি সংকট নিরসনে ঢাকা ও নারায়নগঞ্জের সাংসদদের নিয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভায় তারা এসব পরামর্শ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তীব্র পানি সংকট নিয়ে আবারো নিজেদের ক্ষোভ এবং জনরোষের আশংকার কথা জানালেন ঢাকা ও নারায়ণগঞ্জের সাংসদরা। সংকট নিরসনে নতুন পাম্প স্থাপন, পানিবাহী গাড়ী সরবরাহ, পাম্প স্থাপনের জমি বরাদ্দে গতিশীলতা আনারও পরামর্শ দেন তারা। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকার পানি সংকট নিরসনে ঢাকা ও নারায়নগঞ্জের সাংসদদের নিয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভায় তারা এসব পরামর্শ দেন। সেইসঙ্গে বর্ষা মৌসুমে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার চিত্র তুলে ধরে সভায় সাংসদরা জানান, বিভিন্ন এলাকায় গলা পর্যন্ত পানি জমে যায়। ফলে অনেক সময় তাদের জনরোষের মুখোমুখি হতে হয়। এ রকম পরিস্থিতিতে ভবিষ্যতে যেন আর না পড়তে হয় সেজন্য আগাম প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেন সাংসদরা। গত মার্চ মাসে রাজধানীর পানি সমস্যা নিয়ে অনুষ্ঠিত প্রথম আন্ত:মন্ত্রণালয় সভায় নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা করা হয় দ্বিতীয় এ সভায়। ইতোমধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে সাংসদদের পক্ষ থেকে জানানো হয়। প্রথম সভায় ঢাকা ও নারায়ণগঞ্জের সাংসদরা রাজধানীর পানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা না নিলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। তবে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিভিন্ন প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়নে দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করে এজন্য পরিকল্পনা কমিশনকে দায়ী করেছেন। তিনি বলেন, "শুধু প্রকল্প প্রণয়ন করলেই তো হলো না, এটি গ্রহণ ও বাস্তবায়নে সমস্যা রয়েছে। আমাদের দেশে কোন কাজই সময় মতো করা যায় না। কারণ, একটি প্রকল্প প্রণয়নের পর তা বাস্তবায়ন হতে সময় লাগে সাড়ে সাত থেকে আট বছর। "এর মূল কারণ হচ্ছে পরিকল্পনা কমিশন। একটি প্রকল্প হাতে পাওয়ার পর সেটি পাস করতেই তারা এ সময় লাগিয়ে দেয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছু পরিচালক রয়েছেন, তারা মন্ত্রণালয়ের কাজ তদারকির নামে বাধার সৃষ্টি করেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে দেশের সমস্যা কেয়ামত পর্যন্তও সমাধান করা সম্ভব হবে না।" সাংসদরা রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ বন্ধ করে বিশুদ্ধ পানি সরবরাহ, পানি সরবরাহে নতুন গাড়ীর ব্যবস্থা, নতুন পাম্প স্থাপন, পাম্প স্থাপনে জমি বরাদ্দ, গভীর নলকূপের পানির পরিবর্তে উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। সভায় স্থানীয় সরকারমন্ত্রী সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নে সাংসদদের সহযোগিতা কামনা করেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকার সাংসদ কামাল আহমেদ মজুমদার, রাশেদ খান মেনন, আসলামুল হক, মিজানুর রহমান খান দীপু, ফজলে নূর তাপস, হাবিবুর রহমান মোল্লা, সানজিদা খানম, সাহিদা তারেখ দিপ্তী এবং নারায়ণগঞ্জের সাংসদ সারাহ বেগম কবরী সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২০০ঘ.