ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভূমিকম্প পরবর্তী দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় নরওয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ সফররত নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী হাকন আরাল্ড খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
মন্ত্রী জানান, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দুর্যোগ প্রবণ এলাকার দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে তিনি নরওয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
আব্দুর রাজ্জাক বলেন, এসব খাতে দু'দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন নরওয়ের প্রতিমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে হাকন আরাল্ড প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩১০ঘ.
bdnews24