ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে উমরাহ পালন করেছেন।
বুধবার সকাল ১০টার দিকে শেখ হাসিনার সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা উমরাহ পালন করছেন। এর আগে মঙ্গলবার বিকেলে রিয়াদে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি।"
বৈঠক সফল হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "সৌদি বাদশাহ বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের চাকরির অনুমতিপত্র (আকামা) অপরিবর্তিত রেখে চাকরি বদলের সুযোগ দেওয়া হবে। এছাড়া আরো বেশি বাংলাদেশি শ্রমিক নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।"
সৌদি আরবে কমপক্ষে ২০ লাখ দক্ষ ও অদক্ষ বাংলাদেশি কর্মজীবী রয়েছেন। 'আকামা' অপরিবর্তিত রেখে চাকুরি বদলের সুযোগ এতোদিন শ্রমিকদের ছিল না।
সোমবার মধ্যরাতে পাঁচদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী সৌদি আরব যান।
৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১১০২ ঘ.
bdnews24