২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: জিজ্ঞাসাবাদ শেষে এনএসআই কর্মকর্তা কারাগারে

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। আকবর হোসেনকে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় দিনের মতো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। (আরো তথ্যসহ) আকবর হোসেনকে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় দিনের মতো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে রোববার সকালে সিআইডি তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেয়। মামলার তদন্ত কর্মকর্তা সহকারি পুুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা আকবর মুখ খোলেননি। তথ্য পাওয়ার জন্য আবারো তাকে রিমান্ডে নেওয়া হবে কি না প্রশ্ন করা হলে মনিরুজ্জামান কিছু বলতে রাজি হননি। তদন্ত কর্মকর্তা জানান, আকবর হোসেন ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া সার লিমিটেডের (সিইউএফএল) জেটি ঘাটে অস্ত্র খালাসের সময় চট্টগ্রামে এনএসআই'র মাঠ কর্মকর্তা ছিলেন। চট্টগ্রামের গ্রিনওয়েজ ট্র্যান্সপোর্টের মালিক হাবিবুর রহমান ও ব্যবস্থাপক তসলিম মল্লিকের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে এনএসআই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আকবর হোসেনই তাদের কাছ থেকে ট্রাক ভাড়া করেন বলে দুজনই জানিয়েছেন। সিআইডি'র একজন কর্মকর্তা জানান, চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে এনএসআই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়গুলো হল- আকবর হোসেন কেন অস্ত্র পরিবহনের ট্রাক ভাড়া করেন, এতে কারা লাভবান হয়েছে, সিনিয়র কোনো গোয়েন্দা কর্মকর্তা এর সঙ্গে জড়িত কি না এবং এনএসআই এর তৎকালীন মহাপরিচালকের ভূমিকা কি ছিল। এদিকে দুদিনের রিমান্ডে নেওয়া সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন তালুকদারকে মঙ্গলবারও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়নি। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২১০৪ঘ.