মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং সরকারের সেবা কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি তিনটি নির্দেশনা পাঠিয়েছে সরকার।
গত রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তিনটি নির্দেশনা পাঠানো হয়। তিনটি বিষয়ের ওপর কঠোর তদারকিসহ প্রতি মাসের ১০ তারিখের মধ্যে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে জেলা প্রশাসকদের। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ প্রতিবেদন ও কর্মকাণ্ড তদারক করবেন।
সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকসহ কয়েকজন সাংবাদিকের কাছে এ ধরণের একটি চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেছেন। তিনি এসময় জানান নির্দেশনা তিনটি বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সংশ্লিষ্টদের সম্পৃক্ত করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি দক্ষ জনশক্তির ভিত গড়ে তোলা, জেলা ও উপজেলাসহ তৃণমূল পর্যায়ে সরকারি কর্মসূচি ও কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারের দুর্নীতিবিরোধী কার্যক্রমকে বেগবান করতে জেলা সদর থেকে গ্রাম পর্যন্ত এ বিষয়ে জনসচেতনতা তৈরি করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকদের গৃহীত কর্মসূচির প্রতিবেদন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে একটি ছকও তাদের দেওয়া হয়েছে।
সচিব ইকবাল মাহমুদ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকেই ভবিষ্যতের নেতৃত্ব ও যোগ্য কর্মকর্তারা গড়ে উঠবেন বলে এ পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের বিষয়ে জেলা প্রশাসকদের কঠোর মনিটরিং করতে বলা হয়েছে।
সরকারের জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ের দপ্তরে যথাযথভাবে সেবা দেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়েছে ডিসিদের। এসব ব্যাপারে দেশের সাধারণ মানুষ এখনো তেমন সচেতন নয় মন্তব্য করে চিঠিতে জনসচেতনতা সৃষ্টির জন্য কর্মসূচি হাতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
তবে নির্বাচনী অঙ্গীকারের আলোকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের ওপর। প্রশাসনসহ সর্বস্তরে সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে তুলে ধরতে এবং জনগণকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
সচিব বলেন, "জনগণ সচেতন হলেই সরকারি দপ্তরের কাজগুলোকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে। প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই দুর্নীতি কমে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৩০ঘ.
bdnews24