নেত্রকোনা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে সোমবার সন্ধ্যায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় কেন্দুয়ার চিরাং ইউনিয়নের চেয়ারম্যান সালমা আক্তার ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেকের বাড়িসহ অন্তত ২০টি দোকান ও বাসা-বাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয়রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জ্ঞানেন্দ্র মোহন শিকদার।
তিনি বলেন, "বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা সদরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।"
ওসি জানান, চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে বাট্টা ও ছিলিমপুর গ্রামের মধ্যে ক্রিকেট খেলা হয়। খেলাকে কেন্দ্র করে বাট্টা ও ছিলিমপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দু'গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
তবে তাৎক্ষণিকভাবে তিনি আহতদের নাম জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24