নড়াইল, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে রোববার গভীর রাতে ডাকাতের গুলিতে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
এরা হলেন- রবীন্দ্রনাথ ভট্টাচার্য (৬০) ও তার ছেলে অপুর্ব ভট্টাচার্য (২৮)।
ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই মারা যান বরীন্দ্রনাথ। আহত অবস্থায় অপূর্বকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সোমবার ঢাকা নেওয়ার পথে মাওয়া ঘাটে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল শিমুলিয়া গ্রামের রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করে। এতে ডাকাতরা ঘরের জানালা দিয়ে গুলি চালায়।"
তিনি জানান, পুলিশ রবীন্দ্রনাথের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নড়াইলের পুলিশ সুপার কামরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে রাত একটার দিকে ডাকাত দলটি সদর উপজেলার বাহিরগ্রামের তৃনাথ কুন্ডু ও কার্ত্তিক কুন্ডুর বাড়িতে ডাকাতি করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24