মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনার্জি করসপনডেন্ট
ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মগনামা ও হাতিয়ার গ্যাস তৃতীয় পক্ষের কাছে বিক্রির ব্যাপারে পেট্রোবাংলা তার মতামত চূড়ান্ত করেছে। দু'একদিনের মধ্যেই এ সংক্রান্ত মতামত মন্ত্রণালয়ে পাঠানো হবে।
পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মো. মোক্তাদীর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।
তবে নাম না প্রকাশের শর্তে পেট্রোবাংলার এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে মতামত চূড়ান্ত হয়েছে। কেয়ার্নের সঙ্গে যে উৎপাদন ও বন্টন চুক্তি (পিএসসি) রয়েছে তাতে এ সুযোগ রয়েছে। গ্যাস উত্তোলনকারী কোম্পানী দেশের ভেতরে পেট্রোবাংলা ছাড়া তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি করতে পারে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, স্কটিশ কোম্পানী কেয়ার্ন এনার্জি মগনামা ও হাতিয়ায় ত্রিমাত্রিক জরিপের মাধ্যমে ভবিষ্যতে যদি উত্তোলনযোগ্য গ্যাস পায় তা পিএসসিতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তৃতীয় পক্ষের কাছে বিক্রির প্রস্তাব করেছিল।
গত শীত মওসুমে মগনামা ও হাতিয়ায় অনুসন্ধান কূপ খনন করে কেয়ার্ন। এ দু'টি স্থানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি পায়নি কেয়ার্ন। তবে এ দু'টি স্থানে অধিকতর অনুসন্ধান কাজের জন্য ত্রি মাত্রিক জরিপের প্রস্তাব দেয় কেয়ার্ন।
কেয়ার্নের পক্ষ থেকে পেট্রোবাংলাকে জানানো হয়, অনুসন্ধান কাজের জন্য কেয়ার্ন ইতোমধ্যেই ১১৭ মিলিয়ন ডলার ব্যয় করেছে। ত্রিমাত্রিক অনুসন্ধানের জন্য কেয়ার্নকে আরও কমপক্ষে ৩০ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে। এছাড়াও গ্যাস পাওয়া গেলে কূপ খনন এবং অফশোর প্ল্যাটফরম স্থাপন, সব মিলিয়ে ১০০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করতে হবে।
কেয়ার্নের প্রস্তাবে আরও বলা হয়েছে, বর্তমানে কেয়ার্ন সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস যে দামে বিক্রি করছে সে অনুসারে মগনামা ও হাতিয়ার গ্যাস বিক্রি লাভজনক হবে না। এ জন্য ওই স্থানে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া গেলে বাড়তি দাম দিতে হবে। না হলে কেয়ার্নের অংশ তৃতীয়পক্ষের কাছে বিক্রির অনুৃমতি দিতে হবে।
পেট্রোবাংলা জানিয়েছে, কেয়ার্নের সঙ্গে সম্পাদিত পিএসসি অনুসারে গ্যাস কেনার ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে কেয়ার্নের কাছ থেকে সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে প্রায় ২ দশমিক ৭০ ডলার প্রতি হাজার ঘনফুট গ্যাস ক্রয় করছে। আন্তর্জাতিক বাজারের তেলের ফ্লোর প্রাইস অনুসারের গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়।
স্কটিশ কোম্পানী কেয়ার্ন বর্তমানে দেশের একমাত্র সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু থেকে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/০০২০ঘ.
bdnews24