সুনামগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাতকে পানিতে ডুবে আপন দুই ভাইবোনসহ তিন শিশু মারা গেছে।
উপজেলার উত্তর খুমরা ইউনিয়নের আমতল গ্রামে রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
গ্রামের বাসিন্দা আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তীব্র গরমের কারণে বিকেলে গ্রামের বুরহান উদ্দিনের ছেলে কলিম উদ্দিন (৬) ও তার বোন লাকি বেগম (৮) বাড়ির পেছনের পুুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় এক সময় দু'জনই পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে সুমী বেগম (১০) নামে আরো এক শিশুও ডুবে যায়। সুমী একই গ্রামের গ্রামের আব্দুল বাছিতের মেয়ে।
পরে এলাকাবাসী তিনজনকে পুকুর থেকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ শর্মা জানান, হাসপাতালে আনার আগেই শিশু তিনটি মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩০৮ঘ.
bdnews24