২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি সহায়তা: সবার আগে কৃষি

বিশ্বমন্দার প্রভাব ঠেকাতে চলতি অর্থবছরের বাকি দুইমাসের জন্য সরকার ঘোষিত আর্থিক সহায়তায় সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে কৃষি। গুরুত্ব পেয়েছে বিদ্যুতও। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

আবদুর রহিম হারমাছি জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্বমন্দার প্রভাব ঠেকাতে চলতি অর্থবছরের বাকি দুইমাসের জন্য সরকার ঘোষিত আর্থিক সহায়তায় সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে কৃষি। গুরুত্ব পেয়েছে বিদ্যুতও। রোববার অর্থমন্ত্রী আবুল আল আব্দুল মুহিত চলতি অর্থবছরের বাকি সময়ের জন্য ৩৪২৪ কোটি টাকার রাজস্ব প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা করেন। এর মধ্যে সরাসরি কৃষি খাতে বাজেটে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত ১৫০০ কোটি টাকা ব্যয় করা হবে। আর কৃষি ঋণ (পুন:মূলধনীকরণ) খাতে ভর্তুকির পরিমাণ ৫০০ কোটি টাকা বাড়ানো হবে। সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় খাদ্য খাতে ভর্তুকির পরিমাণ বাড়ছে ৩৭৪ কোটি টাকা। রপ্তানি খাতে ভর্তুকির পরিমাণ বাড়বে ৪৫০ কোটি টাকা। রোববার সকালে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "বিশ্বমন্দা মোকাবিলার জন্য রাজস্ব ও নীতিগত সহায়তা প্রদানের পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরের বাকি সময়ের জন্য অর্থ্যাৎ আগামী ৩০ জুন পর্যন্ত সংশোধিত বাজেটে এই ৩৪২৪ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে।" এতে খাতওয়ারি অতিরিক্ত বরাদ্দের মধ্যে রপ্তানিখাতে ভর্তুকি বর্তমান বরাদ্দ ১০৫০ কোটি টাকা থেকে ৪৫০ কোটি টাকা বেড়ে ১৫০০ কোটি টাকা দাঁড়াবে। কৃষি খাতে ভর্তুকি বর্তমানের ৪২৮৫ কোটি টাকা থেকে ১৫০০ কোটি টাকা বেড়ে হবে ৫৭৮৫ কোটি টাকা। বিদ্যুৎ খাতে ভর্তুকি বর্তমানের ৬০০ কোটি টাকা থেকে আরো ৬০০ কোটি বেড়ে ১২০০ কোটি টাকা হবে। কৃষিঋণ (পুনঃমূলধনীকরণ) খাতে ভর্তুকি ১০০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা বেড়ে ১৫০০ কোটি টাকা দাঁড়াবে এবং সামাজিক নিরাপত্তা (খাদ্য) খাতে ভর্তুকি বর্তমানের ৪১৯৫ কোটি টাকা থেকে ৩৭৪ কোটি টাকা বেড়ে ৪৫৬৯ কোটি টাকা দাঁড়াবে। এতে করে বর্তমানে বরাদ্দ ১১১৩০ কোটি টাকা থেকে ৩৪২৪ কোটি টাকা বেড়ে সংশোধিত বাজেটে এসব খাতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ১৪৫৫৪ কোটি টাকা। প্রণোদনা প্যাকেজে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে কোনো সহায়তা দেওয়া হয়নি কেনো-এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "সার্বিকভাবে বিশ্ব পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে, এই মূহুর্তে তৈরি পোশাক খাতে সহায়তার প্রয়োজন নেই। আগামীতে যদি তাদের সহায়তার প্রয়োজন হয় তাহলে নতুন বাজেটের মাধ্যমে যে সহায়তার প্যাকেজ ঘোষণা করা হবে, তাতে এ খাতকে সহায়তা দেয়া হবে।" কৃষি খাতে ভর্তুকি বাড়ানো প্রসঙ্গে মুহিত বলেন, "কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। আমাদের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে এই খাত। সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় এই খাতে। এ খাতকে প্রণোদনা না দিলে কোনো কিছুই হবে না।" বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ না হলে কোনো কিছুই হবে না। সব কিছুর সঙ্গে বিদ্যুৎ সম্পর্কিত। যে করেই হোক আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। এ কারণেই বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানান তিনি। প্রতিক্রিয়া প্রণোদনা প্যাকেজে কৃষি খাতে ভর্তুকি বাড়ানো সম্পর্কে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কৃষি খাতে ভর্তুকি বৃদ্ধির মাধ্যমে দেশের অভ্যন্তরীন ব্যয় উজ্জীবিত করা সরকারের লক্ষ্য বলে আমার কাছে মনে হয়েছে।" তিনি বলেন, "রপ্তানি চাহিদা কমে গেলেও অভ্যন্তরীন ব্যয় বাড়লে অর্থনীতিতে গতিশীলতা বজায় থাকবে।" তবে সরকার ঘোষিত সহায়তায় কৃষি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ায় প্রশ্ন তুলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, "মন্দার ফলে কৃষিখাত কি এতটাই বিপর্যস্ত যে ১৫০০ কোটি টাকা দিতে হবে? আর আমরা দেড় কোটিও পাবো না। এ সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই।" বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, "সরকারের এ ঘোষণায় আমরা হতাশ হয়েছি। প্রণোদনামূলক প্যাকেজে পোশাক শিল্প খাতকে আমলে নেওয়া হয়নি।" প্যাকেজের নানা দিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য 'প্রণোদনা প্যাকেজ' নামের এই প্যাকেজকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তার একটি হচ্ছে- চলতি ২০০৮-০৯ অর্থবছরের রাজস্ব প্রণোদনা প্যাকেজ এবং অপরটি হচ্ছে আগামী ২০০৯-১০ অর্থবছরের রাজস্ব প্রণোদনা প্যাকেজ। অর্থমন্ত্রী জানান, এই প্রণোদনা প্যাকেজের আওতায় রাজস্ব ও আর্থিক প্রণোদনার পাশাপাশি নীতি সহায়তা এবং প্রশাসনিক সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা দুটি পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এর একটি হচ্ছে- আশু করণীয় পদক্ষেপ (২০০৮-০৯ অর্থবছর) এবং আরেকটি হচ্ছে- মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়িতব্য কার্যক্রম (২০০৯-১০ অর্থবছর থেকে শুরু)। তিনি আরো জানান, চলতি ২০০৮-০৯ অর্থবছরের আশু করণীয় রাজস্ব প্রণোদনা প্যাকেজের মধ্যে রয়েছে পাটজাত পণ্যের রপ্তানি সহায়তার হার বর্তমানের ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি সহায়তার হার বর্তমানের ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ দশমিক ৫ শতাংশ এবং হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তার হার বর্তমানের ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ দশমিক ৫ শতাংশ করা। এছাড়া রপ্তানিমুখী দেশীয় বস্ত্র, কৃষি পণ্য (শাক-সবজি-ফলমূল) এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্য, আলু, বাই-সাইকেলসহ অন্যান্য খাতে যে হারে নগদ সহায়তা দেওয়া হচ্ছে তা অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। সহায়তা প্যাকেজ ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ, অর্থসচিব মোহাম্মদ তারেক, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। আরো কিছু উল্লেখযোগ্য বিষয় প্যাকেজের আওতায় চলতি অর্থবছরে রপ্তানি খাতে প্রদেয় নগদ আর্থিক সহায়তা দ্রুত ছাড় করতে নীতিমালা সংশোধন করা হবে। প্রাথমিক পরীক্ষার পর প্রাপ্য সহায়তার ৩০ শতাংশ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হবে। বাকি ৩০ শতাংশ অর্থ নিরীক্ষা শেষে ছাড় করা হবে। রপ্তানিকারক ও সুতা উৎপাদনকারীদের ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ডাউনপেমেন্টের শর্ত চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শিথিল করা হবে। বাংলাদেশ ব্যাংক রপ্তানি ঋণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়নের ব্যবস্থা গ্রহণ করবে। কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) পরিমাণ ১৫ কোটি ডলার করা হয়েছে। এ তহবিল থেকে একজন ঋণ গ্রহীতা পনেরো লাখ ডলার ঋণ নিতে পারবেন। এতদিন দশ লাখ ডলার ঋণ নেওয়া যেত। বিদ্যুৎ উৎপাদনে 'ক্যাপটিভ জেনারেটর'-এর জন্য প্রদেয় লাইসেন্স/নবায়ন ফি 'যৌক্তিক পর্যায়ে' নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানানো হয়। দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ধারা ধরে রাখতে যে সব বাজারে বাংলাদেশী শ্রমিকের সংখ্যা বেশি সে সব দেশে ক ূটনৈতিক তৎপরতা জোরদার করা এবং নতুন শ্রমের বাজার খুঁজে বের করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কার্যক্রম নিয়েছে বলে প্রণোদনা প্যাকেজে উল্লেখ করেন অর্থমন্ত্রী। মন্দার কারণে রপ্তানিমুখি কোনো শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে যাতে তারা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পায় সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্যাকেজে উল্লেখ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, মন্দা মোকাবিলার জন্য দেশে বিনিয়োগ বাড়াতে কৃষি ও গ্রামীণ উন্নয়ন, জ্বালানি, শিল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে বিশেষ জোর দেওয়া হবে। বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে। আর এ জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে বলে জানান তিনি। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ত্বরান্বিত করতে পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পরিকল্পনা কমিশন ও আইএমইডিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুহিত। মন্দা মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতে যে সব ব্যবস্থা গ্রহণ করেছে বা অচিরেই করবে সেগুলোর মধ্যে রয়েছে: রপ্তানিকারকরা যাতে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের কারণে প্রতিযোগিতায় পিছিয়ে না যায় সেজন্য বিনিময় হারের ওপর সজাগ দৃষ্টি রাখা, অভ্যন্তরীণ ঋণ প্রবাহ যাতে উৎপাদনমুখি খাতে ব্যবহত হয় এবং ব্যাংকগুলোতে যাতে তারল্য সঙ্কট দেখা না দেয় সেদিকে লক্ষ্য রাখা, ব্যাংক ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে প্রয়োজনে রিপো, রিভার্স রিপো, এসএলআর পুন:নির্ধারণ করা, ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের চার্জ কমানোর ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া। অর্থমন্ত্রী আরো বলেন, প্রণোদনা প্যাকেজে মন্দা মোকাবিলার জন্য চলতি অর্থবছরের জন্য যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আগামী অর্থবছরেও অব্যাহত থাকবে এবং নিয়মিত মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হবে। উদ্ভুত বিশ্ব পরিস্থিতি এবং টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে আগামী বাজেটে 'যথাযথ কার্যক্রম' গ্রহণ করা হবে বলে জানান তিনি। প্যাকেজে মন্দা মোকাবিলায় আগামী ২০০৯-১০ অর্থবছরের জন্য কোনো নগদ অর্থ সহায়তার কথা বলা না হলেও রপ্তানি খাত, রেমিটেন্স, বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ে নীতিগত সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/এসকে/১৯৩০ঘ.