২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: জিজ্ঞাসাবাদের পর এনএসআই এর গোয়েন্দা গ্রেপ্তার

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গোয়েন্দা সংস্থা এনএসআই'র ফিল্ড অফিসার আকবর হোসেন খানকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়েছে সিআইডি। রোববার সকালে চট্টগ্রামে সিআইডি'র কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর আকবর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয় বলে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গোয়েন্দা সংস্থা এনএসআই'র ফিল্ড অফিসার আকবর হোসেন খানকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়েছে সিআইডি। রোববার সকালে চট্টগ্রামে সিআইডি'র কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর আকবর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয় বলে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। গ্রেপ্তারের পর ওই গোয়েন্দা কর্মকর্তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আবু হান্নানের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিআইডি'র পাঁচদিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের সিইউএফএল এর সংরক্ষিত ঘাটে দশ ট্রাক অবৈধ অস্ত্র খালাস হওয়ার সময় আকবর হোসেন চট্টগ্রামে গোয়েন্দা সংস্থা এনএসআই'র ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সিআইডি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এনএসআই'র চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী ও ফিল্ড অফিসার আকবরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে 'গুরুত্বপূর্ণ তথ্য' পাওয়ার ভিত্তিতেই আকবরকে গ্রেপ্তার দেখানো হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি'র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। অস্ত্র খালাসের সময় ব্যবহৃত ট্রাকের মালিক তসলিম মল্লিক ও হাবীবুর রহমান সিআইডি'র জিজ্ঞাসাবাদে বলেছিলেন, আকবর হোসেনই ট্রাকগুলো ভাড়া করেছিলেন। এদিকে রোববার সিআইডি কার্যালয়ে নৌ বাহিনীর আরও নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯১০ঘ.