ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোর লক্ষ্যেই সরকার রাজস্ব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বলে মনে করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর ঊর্ধ্বতন গবেষণা পরিচালক জায়েদ বখত।
রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বমন্দা মোকাবিলায় ৩৪২৪ কোটি টাকার রাজস্ব প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কৃষি খাতে প্রচুর ভর্তুকি বাড়ানোয় আমার মনে হচ্ছে, দেশের অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোই সরকারের লক্ষ্য।"
প্যাকেজে কৃষি খাতে ১৫০০ কোটি, বিদ্যুৎ খাতে ৬০০ কোটি এবং রপ্তানি খাতে ৪৫০ কোটি টাকা ভর্তুকি বাড়ানো হয়েছে।
এই অর্থনীতি গবেষক মনে করেন, রপ্তানি চাহিদা কমে গেলেও অভ্যন্তরীণ ব্যয় বাড়লে দেশের অর্থনীতির গতিশীলতা বজায় থাকবে।
প্যাকেজে পাটজাত, চামড়া এবং হিমায়িত খাদ্যের মতো রপ্তানি খাতে নগদ আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এর ফলে এসব খাতে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে।
বখত বলেন, "সঠিক এবং সময়মত অর্থ সহায়তা ছাড় করা খুবই গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমডি/এজে/জিএনএ/১৫৩৩ ঘ.
bdnews24