২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় বিজলির আঘাতে পাঁচজনের মৃত্যু

ঘূর্ণিঝড় বিজলির আঘাতে চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীতে শিশুসহ পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। উপকূলীয় বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় শতাধিক ঘরবাড়ি এবং প্রায় সাড়ে ছয়শ' হেক্টর ফসলী জমি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় বিজলির আঘাতে চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীতে শিশুসহ পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। উপকূলীয় বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় শতাধিক ঘরবাড়ি এবং প্রায় সাড়ে ছয়শ' হেক্টর ফসলী জমি। শনিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে উপসচিব মো. সুলতান-উল ইসলাম চৌধুরী সাংবদিকদের এ তথ্য জানান। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জানাতে গিয়ে তিনি বলেন, "চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরের ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।" শুক্রবার রাতে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিবেগ ও ভারী বর্ষণসহ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় বিজলি শনিবার ভোররাতে স্থল নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় বিজলি ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়। দুপুর ২টায় আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উপসচিব সুলাতান-উল ইসলাম চৌধুরী জানান, দুর্যোগ মোকাবেলায় ১৫টি জেলাকে লক্ষ্যে রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও ভোলায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বিজলি। এ তিনটি জেলায় প্রয়োজনীয় সাহায্যও পাঠানো হয়েছে বলে জানান তিনি। সুলাতান-উল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয় কেন্দ্রে আসার পর মোবারক খাতুন (৬৫), কক্সবাজার জেলায় আশ্রয় কেন্দ্রে আসার পর এক শিশু, পেকুয়া উপজেলায় গাছ চাপা পড়ে শিশু আবদুর রহিম (৯), কুতুবদিয়া উপজেলায় আশ্রয় কেন্দ্রে আসার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম (৫৫) এবং নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে দুলাল মিয়া (৪০) নামের একজন মারা গেছেন। চট্টগ্রাম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রুহুল আমিন রানা জানান, ঘূর্ণিঝড় বিজলি উপকূল অতিক্রম করার পর শুক্রবার মধ্যরাত থেকে চট্টগ্রাম জেলার কোথাও বৃষ্টি হয়নি। শাহ আমানত বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টা থেকে বন্ধ থাকার পর শনিবার সকাল ৮টা থেকে বিমান ওঠা-নামা শুরু হয়েছে। জেলা প্রশাসক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সকাল ১০টা পর্যন্ত জেলার উপকূলীয় উপজেলাগুলোর কোথাও থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বোরো ধানে অল্প কিছু ক্ষতি হয়েছে। বন্দর সচিব সৈয়দ মুহাম্মদ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বন্দরের কাজ-কর্ম স্বাভাবিক হতে শুরু করেছে। জেটি চালু হয়েছে। কক্সবাজার প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় বিজলি উপকূল অতিক্রমকালে কক্সবাজারে তিনজন নিহত ও এক শিশুসহ ৬ জন আহত হয়েছে। আহতদের ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘূর্ণিঝড়ে জেলার উপকূলীয় এলাকায় বোরো ফসল, পানের বরজ ও কাঁচা ঘর-বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে জেলা ও উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পুরো বিবরণ জানাতে পারেনি। পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ এইচ হুমায়ুন কবির জানান, ঘূর্ণিঝড়ে বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়া পাড়া এলাকায় গাছ চাপা পড়ে আবদুল মোনাফের ছেলে আবদুর রহিম ঘটনাস্থলে মারা যায়। আহত হয় তার বোন জামিলা খাতুন (১২)। জেলা নিয়ন্ত্রণ কক্ষ থেকে মোহাম্মদ আবদুল আজিজ নামের এক কর্মকর্তা জানিয়েছেন, একই সময়ে উপজেলার করিয়ারদিয়া এলাকায় টিন উড়ে আহত হয়েছে আরও তিনজন। জেলা প্রশাসকের কার্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মধ্যে শহরতলীর সমিতি পাড়ার মোহাম্মদ সেলিমের ৪০ দিন বয়সী এক শিশু কন্যা অসুস্থ হয়ে মারা গেছে। জেলা প্রশাসক মনজুর আলম জানান, অসুস্থ শিশু নিয়েই আশ্রয়কেন্দ্রে এসেছিল ওই পরিবারটি। শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি জানান, বিজলি আঘাত হানার আগেই উপকূলীয় এলাকার প্রায় তিনলাখ মানুষকে জেলার ৫৩৪টি আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়। তাই হতাহতের ঘটনাও কম হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবী এবং ১০৭টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছিল বলেও জানান তিনি। গভীর রাতে দমকা হাওয়া কমে যাওয়ার পরপরই আশ্রয় কেন্দ্র থেকে লোকজন ঘরে ফিরতে শুরু করেন। সকাল হতেই আশ্রয় কেন্দ্রগুলো খালি হয়ে যায়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কোস্ট ট্রাস্টের কর্মকর্তা এফ এম নুরুল আলম জানান, শুক্রবার রাত ১১টার দিকে কুতুবদিয়ার আলী আকবর ডেইল এলাকার ব্র্যাক আশ্রয় কেন্দ্রে স্থানীয় ফতেহ আলী পাড়ার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মহেশখালীর স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকার আমির হোসেন (২২) ও সাখাওয়াত হোসেন (২০) নামের দু'জন ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন। তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ে টেকনাফে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে বোরো ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ গুপ্ত জানান, উপজেলায় কিছু কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে এবং গাছের ডালপালা ভেঙ্গে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান মুজিব জানান, আবহাওয়া খবর পাওয়ার পর থেকেই প্রায় সব মাছধরা ট্রলার উপকূলে ফিরে এসেছে। তাই জেলেদের মধ্যে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ভোলা প্রতিনিধি জানান, ভোলার জেলা প্রশাসক মো. মেজবাহুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশনে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে তজুমদ্দিনে ১৮৬টি কাঁচাঘর, ২০টি পানের বরজ, ৫৭টি মাছ ধরা নৌকা এবং চরফ্যাশনে ২১৪টি কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লালমোহনের চর উমেদ ইউনিয়ন, তজুমদ্দিনের বিভিন্ন এলাকা এবং চরফ্যাশনের নীলকমল ইউনিয়নে ৩২০ একর জমির রবিশস্য আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি জানান, বাতাশের প্রচণ্ড ঝাপটা এবং সাগরের গর্জনে ভয়ার্ত পরিবেশ সৃষ্টি হলেও বিজলি আঘাত হানেনি এখানে। কাঁচা-ঘরবাড়ি বা গাছপালা উপড়ে ফেলেনি। হতাহত হয়নি কেউ। বিজলি আতঙ্কে নিদ্রাহীন রাত কাটিয়েছে পটুয়াখালীর উপকূলের লাখ লাখ মানুষ। জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল আগে থেকে। জেলা সদরসহ ৮ উপজেলায় ৮টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছিল। প্রস্তুত রাখা হয়েছিল ছয় হাজার স্বেচ্ছাসেবক। প্রয়োজনীয় শুকনো খাবার মজুদ এবং উদ্ধার যানও প্রস্তুত রাখা হয়েছিল। কুয়াকাটার সব স্কুল, কলেজ, মদ্রাসা এবং হোটেল-মোটেল খুলে দেওয়া হয় সাধারণ মানুষের আশ্রয়ের জন্য। রাত ১টায় কুয়াকাটায় বাতাসের বেগ বাড়তে থাকে। দেড়টার দিকে বেড়িবাঁধের বাইরে জেলেপাড়া থেকে দলে দলে মানুষ ছুটে আসতে দেখা গেছে। বান্দরবান প্রতিনিধি জানান, বিজলির প্রচণ্ড ঝড়ো হাওয়ায় বান্দরবানে শুক্রবার রাতে তিন শতাধিক বসত ঘর বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা উপড়ে পড়েছে। গাছ উপড়ে বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর পড়ায় শুক্রবার রাত হতে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সিটিসেল ও ওয়ারিদ মোবাইল ফোনের নেটওয়ার্কও শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ ছিল। ৭টা ১০মিনিটে নেটওয়ার্ক সচল হয়। সদর উপজেলার হাফেজঘোনা, ইসলামপুর, মেম্বারপাড়া, নোয়াপাড়া এবং রুমা উপজেলার বিভিন্ন স্থানে তিন শতাধিক বসত ঘরের চাল উড়িয়ে নেয়। বিধ্বস্ত হয় কিছু ঘর। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, ঝড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে গাছপালা পড়ে খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে যাওয়ায় এবং জাতীয় বিদুৎ গ্রিডে সংকটের কারণে বান্দরবানে বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সাংবাদিক আলমগীর জানিয়েছেন, মোবাইল অপারেটর ওয়ারিদের নেটওয়ার্ক শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া অন্যান্য মোবাইল কোম্পানির নেটওয়ার্কও মাঝে-মধ্যে বিঘি