২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাগেরহাটের মোল্লাহাট ও চাঁদপুর সদর উপজেলায় শুক্রবার রাত ও শনিবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 08:31 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট ও চাঁদপুর সদর উপজেলায় শুক্রবার রাত ও শনিবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে মোল্লাহাটের হাড়িদহ নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় সাধন কুমার সরকার (২৪) নামের একজন মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঝিকাবাড়ি গ্রামের অনিল কুমার সরকারের ছেলে। মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ঢাকা-মাওয়া মহাসড়কে বাগেরহাট থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা মাইক্রোবাসটি মোল্লাহাটের হাড়িদহ নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরবন পরিবহনের থেমে থাকা বাসকে ধাক্কা দেয়।'' তিনি জানান, এতে মাইক্রোবাস যাত্রী সাধন কুমার সরকার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। শনিবার বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি মামলা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি জানান, সদর উপজেলায় শনিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় মহসিন বেপারী (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি পুরান বাজারের পূর্ব শ্রীরামদী এলাকার প্রয়াত আবুল খায়ের বেপারীর ছেলে। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান," মহসিন ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাবুরহাট এলাকা দিয়ে ভ্যান নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" তিনি বাবুরহাট এলাকায় এশিয়া বেকারির ভ্যানচালক হিসেবে কাজ করতেন। এসআই ফারুক আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মহসিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করেছে। তবে ট্রাক্টরটির চালক পলিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৩৩ ঘ.