চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রাম থেকে শুক্রবার এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম (৪৬) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছিয়াত্তরবিঘী আলিয়াপুকুর ফাজিল মাদ্রাসার শিক্ষক বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল হোসেন জানান, জহুরুল ইসলাম বিনোদপুর গ্রামে আয়োজিত একটি তফসির মাহফিলে বক্তা হিসেবে আসেন। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় স্থানীয় লোকজন থানায় খবর দেয়। সকাল সাড়ে ১০টায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এছাড়া দেশের অন্য কোনো থানায় আর মামলা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24