টাঙ্গাইল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালিহাতী উপজেলার বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।
এরা হলেন- বল্লার সূর্য মিয়া, বাদশা মিয়া, বুলবুল, কাশেম, সাদ্দাম হোসেন ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোপাল শীল। এদের বল্লার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চৌধুরী জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের ইটপাটকেলের আঘাতে তিনিসহ চার পুলিশ আহত হয়েছেন। এর মধ্যে পুলিশ কনস্টেবল মোতালেবকে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস ও কনস্টেবল সাইদুলসহ তারা তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি শ্যামল চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান দিয়ে ১০/১২ রাউন্ড গুলি করে।
হাসপাতালে চিকিৎসাধীন বল্লার সূর্য মিয়া জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে মিছিল করে। এক পর্যায়ে তারা প্রধান শিক্ষকসহ অন্যান্যদের অবরোধ করে।
তিনি দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে এবং প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়ে।
কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের অনিয়মসহ নানা কারণে বিক্ষুদ্ধ হয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মিছিল করেছে। পুলিশ সেই মিছিলে গুলি চালালে ছয়জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24