ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---সংসদের দ্বিতীয় অধিবেশনে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) আইন প্রণীত হলে নভেম্বরের মধ্যে ডিসিসি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি একথা জানান।
এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, "কমিশন এখনই ডিসিসি নির্বাচন করতে প্রস্তুত। আইন না থাকায় নির্বাচন করা যাচ্ছে না। আমরা আইনের অপেক্ষায় আছি।"
আগামী জুনে সংসদের পরবর্তী অধিবেশন বসার কথা উল্লেখ করে কমিশনার আশা রাখেন, "জুলাইয়ের মধ্যে সিটি কর্পোরেশন আইন হাতে পাব। এসময়ে আইন পেলে অক্টোবর বা নভেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন করা সম্ভব হবে।"
বর্ষার কারণে আগস্ট-সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বলে জানান তিনি।
এর আগে কমিশন চলতি এপ্রিল মাসে ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করে। আইন না থাকায় তা পিছিয়ে জুনে নির্বাচন করার ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
কিন্তু সংসদের প্রথম অধিবেশনে সিটি কর্পোরেশন আইন পাশ না হওয়ায় তাও পিছিয়ে যায়।
২০০৭ সালের মে মাসে ডিসিসির পরিষদের মেয়াদ শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24