ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় বুধবার আরো দুই বিডিআর সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এরা হলেন সিপাই মাসুম মিয়া ও সিপাই জসিমউদ্দিন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বুধবার দুপুরে তারা দুজন ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন।
অন্যদিকে দুই বিডিআর সদস্য এবং এক বেসামরিক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আইনী হেফাজতে নেওয়া হয়েছে।
এদের মধ্যে নায়েক সুবেদার সদরুল ইসলাম ও নায়েক সুবেদার সনৎ কুমার মালাকারকে সাত দিনের এবং বেসামরিক নাগরিক ইব্রাহিম খলিলকে পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন মহানগর হাকিম।
এ নিয়ে এ মামলায় এক বেসামরিক ব্যক্তিসহ মোট ৩২ বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা উপ-পরিদর্শক রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.
bdnews24