২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বার্ড ফ্লু আক্রান্ত দুই হাজারের অধিক মুরগি নিধন

সাভার পৌর এলাকায় রাজাশন মহল্লার একটি খামার থেকে বার্ড ফ্লু আক্রান্ত ২,৩৪৬টি মুরগি নিধন করেছে পশুসম্পদ বিভাগ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ নিধন অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

সাভার, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার পৌর এলাকায় রাজাশন মহল্লার একটি খামার থেকে বার্ড ফ্লু আক্রান্ত ২,৩৪৬টি মুরগি নিধন করেছে পশুসম্পদ বিভাগ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ নিধন অভিযান চালানো হয়। উপজেলা পশুসম্পদ কর্মকতা ডা. ফরহাদুল আলম জানান, রাজাশন এলাকায় 'কুশা খালি পোল্ট্রি ফার্মে' সোমবার কয়েকটি মুরগি মারা গেলে নমূনা পরীক্ষার জন্য রাজধানীর সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবে (সিডিআইএল) পাঠানো হয়। বুধবার বিকেলে ওখান থেকে জানানো হয়, মুরগিগুলো এভিয়েন ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) আক্রান্ত। ঢাকা জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমানের নেতৃত্বে এ নিধন অভিযানে উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদুল আলম, ভেটেরিনারি সার্জন ডা. ফজলে রাব্বী মণ্ডল, র‌্যাপিড রেসপন্স টিমের (আরআরটি) সদস্য ডা. শহিদুল্লাহ কায়সার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডা. মিজানুর রহমান ছাড়াও সাভার থানা পুলিশ অংশ নেয়। ফরহাদুল আলম বলেন, "বার্ড ফ্লু আক্রান্ত ২,৩৪৬টি মুরগি মারার পর বস্তায় ভরে ৮ ফুট গভীর গর্তে মাটি চাপা দেওয়া হয়।" আক্রান্ত কুশা খালি পোল্ট্রি ফার্মের মালিক মো. শাহজাহান চৌধুরী বলেন, "১৯৯৮ সাল থেকে পোল্ট্রি ব্যবসা করে আসছি। হঠাৎ বার্ডফ্লু আক্রান্ত হয়ে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে।" প্রতিটি মুরগির জন্য সরকার তাকে ৯০ টাকা করে দেবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.