২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের আমলে বরেন্দ্র কর্তৃপক্ষের দুর্নীতি তদন্তে কমিটি

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুর্নীতি ও অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

রাজশাহী, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুর্নীতি ও অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বিএমডিএ-এর বোর্ড সভায় বুধবার রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ জিয়াউর রহমান, নওগাঁ-১ এর সাংসদ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৬ এর সাংসদ ইসরাফিল আলম এবং তদন্ত কমিটির সভাপতির একজন প্রতিনিধি। বিএমডিএ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নানকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। রাজশাহী বিভাগের কমিশনার হাফিজুর রহমান ভূঞার সভাপতিত্বে বিএমডিএ বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা অঞ্চলের বেশ কয়েকজন সাংসদ, পুলিশের রাজশাহী অঞ্চলের উপ-মহাপরিদর্শক মোখলেসুর রহমান, পাঁচ জেলার প্রশাসক এবং বিএমডিএ-এর উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংসদ ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, জোট সরকারের আমলে বিএমডিএ-এর কার্যক্রম নিয়ে অসংখ্য অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়। কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবে বলে আশা করছি। তিনি আরো জানান, সভায় বিদ্যুৎ সমস্যা নিরসনে বাড়তি বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া রাজশাহীতে কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রটি স্থাপিত হলে এ অঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানের পাশাপাশি সেচের জন্য বিদ্যুৎ চাহিদাও মেটানো সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২৩২৭ ঘ.