২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নীল সাগর'র যাত্রা শুরু, 'সীমান্ত' ও 'রূপসা'র যাত্রা সংক্ষিপ্ত

নববর্ষের প্রথম দিন মঙ্গলবার থেকে ঢাকা সেনানিবাস-নীলফামারী রুটে আন্তনগর এক্সপ্রেস ট্রেন 'নীল সাগর' চলাচল শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

নীলফামারী, এপিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নববর্ষের প্রথম দিন মঙ্গলবার থেকে ঢাকা সেনানিবাস-নীলফামারী রুটে আন্তনগর এক্সপ্রেস ট্রেন 'নীল সাগর' চলাচল শুরু করেছে। একই সময়ে নীলফামারী-খুলনা রুটে চলাচলকারী 'সীমান্ত' ও 'রূপসা' এক্সপ্রেস ট্রেন দু'টির যাত্রা সংক্ষিপ্ত করে সৈয়দপুর-খুলনা করা হয়েছে। ১লা বৈশাখ রাত ১১ টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে নীলফামারী ত্যাগ করে নীল সাগর। সে সময় নীলফামারী শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েক শ' মানুষ ট্রেন যাত্রীদের বিদায় জানান। নীলফামারী রেল স্টেশনের মাস্টার একেএম সফিকুল ইসলাম জানান, নীল সাগরে মোট আসন রয়েছে ৬১৪টি। নীলসাগর এক্সপ্রেসের গার্ড প্রদীপ কুমার রায় জানিয়েছেন, রোববার বাদে সপ্তাহের প্রতিদিন ঢাকা সেনানিবাস স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে সকাল সোয়া ৮টায় ছেড়ে নীলফামারী পৌঁছবে বিকেল ৫টা ২০ মিনিটে। আর নীলফামারী থেকে রাত পৌনে ১১টায় ছেড়ে ঢাকা পৌঁছবে পরদিন সকাল সাড়ে ৮টায়। সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নাটোর, ইব্রাহিমাবাদ, সায়েদাবাদ, টাঙ্গাইল ও জয়দেবপুর ট্রেনটি যাত্রা বিরতি করবে। এদিকে নীলফামারী-খুলনা রুটে চলাচলকারী সীমান্ত ও রূপসা এক্সপ্রেস ট্রেনের যাত্রা সৈয়দপুর-খুলনা সীমাবদ্ধ করে দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে নীলফামারী চেম্বার ভবন চত্বরে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার এক হাজারেরও অধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২০৪০ ঘ.