২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ ও ফরিদপুরে ৪ জঙ্গি গ্রেপ্তার

নববর্ষ উদযাপনের আগে নওগাঁ ও ফরিদপুর থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামায়াতুল মাজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2009, 07:53 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নববর্ষ উদযাপনের আগে নওগাঁ ও ফরিদপুর থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামায়াতুল মাজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ প্রতিনিধি জানান, সদর থানা পুলিশ মঙ্গলবার ভোররাতে শহরের আলুপট্টি থেকে কিছু জিহাদি বইসহ জেএমজেবি'র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদেরকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সদর উপজেলার চক কালিদাশ গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল করিম (২৮) ও খয়বর আলীর ছেলে শাহাদত আলী (২৫) এবং আত্রাই উপজেলার আমরুল কসবা গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফারুক হোসেন (২৯)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে আলুপট্টি থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক ভোর সাড়ে ৫টার দিকে চক কালিদাশ গ্রাম থেকে অপর দুই জনকে গ্রেপ্তার করা হয়।" ওসি একরামুক হক জানান, এরা সবাই জেএমজেবি নেতা বাংলা ভাইয়ের সহযোগী এবং ২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলায় নওগাঁয় হামলার সঙ্গে জড়িত। তিনি আরো জানান, তারা নববর্ষের অনুষ্ঠানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিল। ফরিদপুর প্রতিনিধি জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাবু বাজারের একটি দোকান থেকে গোপন বৈঠক চলাকালে ফরিদ হোসেন নামের এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুর গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আজিজ মোল্লার ছেলে ফরিদ ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলায় গ্রেপ্তার আমীর সোহেলের মামা। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেএমবি সদস্য ফরিদ সোমবার ঢাকা থেকে বোয়ালমারী আসে। এরপর রাত আড়াইটার দিকে সে বাবু বাজারে মাছের আড়তের একটি দোকানে আরো তিনজনকে নিয়ে বৈঠকে বসে।" তিনি বলেন, "গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ ওই দোকানটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর তিনজন পালিয়ে যায়। তবে ফরিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৩৫৫ ঘ.