ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর কমলাপুর ও শনির আখড়ায় দু'টি গার্মেন্টস কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শনির আখড়ার রিচ গার্মেন্টস এর শ্রমিকরা দু'মাসের বকেয়া বেতন ও তিন মাসের ওভারটাইম পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করে কমলাপুরের খলিল গার্মেন্টস (কেআরসি) এর শ্রমিকরা।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. লিয়াকত জানান, সকাল ১১টার দিকে শনির আখড়ার রিচ গার্মেন্টসের শতাধিক শ্রমিক দাবি আদায়ে সকাল ১১ টার দিকে গার্মেন্টস এর সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে কথা বলে। মালিকপক্ষ এক সপ্তাহের মধ্যে বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিলে সাড়ে দুপুর ১২টার দিকে শ্রমিকরা কারখানায় ফিরে যান। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে বেশ কিছু সময় রাস্তা বন্ধ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সেলিম সাজ্জাদ জানন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুরের খলিল গার্মেন্টস এর শ্রমিকরা মার্চ মাসের বেতন পরিশোধের দাবিতে রাস্তায় নেমে আসে। তারা অল্প কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। এরপর পুলিশ গিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা কারখানায় ফিরে যান। মালিকপক্ষ আগামী ২০ এপ্রিলের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৮৫৫ঘ.
bdnews24