২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দারিদ্র্য ম্যাপ' করে খাদ্য বিতরণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

দেশের কোন মানুষ যাতে অনাহার না থাকে সেজন্য সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তিনি বলেন, "সারাদেশে জরিপ চালিয়ে দারিদ্র্যের ম্যাপ তৈরি করা হবে এবং সে অনুপাতে খাদ্য বিতরণ করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

রাজশাহী, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের কোন মানুষ যাতে অনাহার না থাকে সেজন্য সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তিনি বলেন, "সারাদেশে জরিপ চালিয়ে দারিদ্র্যের ম্যাপ তৈরি করা হবে এবং সে অনুপাতে খাদ্য বিতরণ করা হবে।" রোববার বিকেলে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজ মাঠে 'বিড়ালদহ প্রতিরোধ যুদ্ধ স্মরণ সংসদ' আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করেছে এবং তা দেশের মাটিতেই শেষ হবে।" এর ফলে দেশে অপরাধ প্রবণতা কমে যাবে বলেও মন্ত্রী মন্তব্য করেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, "মুক্তিযোদ্ধার তালিকায় থাকা অমুক্তিযোদ্ধাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। গেজেটের মাধ্যমে তাদের নাম বাদ দেওয়া হবে। আর যাদের নাম তালিকায় নেই সেসব মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হবে।" মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা নয়শ' থেকে বাড়িয়ে দুই হাজার টাকা এবং পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হবে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, "প্রতিবছর এক লাখের পরিবর্তে দেড় লাখ মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া হবে। দেশের কোন মুক্তিযোদ্ধা যেন ভাতা থেকে বঞ্চিত না হন সে ব্যবস্থা করা হবে। প্রয়োজনে মুক্তিযোদ্ধাদের রেশনের ব্যবস্থা করা হবে।" তিনি বিড়ালদহের সম্মুখ যুদ্ধের স্থানে স্মৃতিস্তম্ভ এবং একটি পাঠাগার স্থাপনের ঘোষণা দেন। স্মরণ সংসদের সভাপতি ও রাজশাহী-৫ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাংসদ মেরাজ উদ্দীন মোল্লা, রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, বিড়ালদহে সম্মুখযুদ্ধে নেতৃত্বদানকারী নায়েক সুবেদার লস্কর সিরাজ উদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. সাইদুর রহমান, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান, স্মরণ সংসদের সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী প্রমুখ। সভায় পুঠিয়া ও দূর্গাপুর এলাকার মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সভার শুরুতে তাৎক্ষিণভাবে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং পালন করা হয় এক মিনিট নিরাবতা। ১৯৭১ সালের ১২ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী রাজশাহীতে হামলা চালার জন্য অগ্রসর হলে পুঠিয়ার বিড়ালদহের লোহার ব্রিজের কাছে মুক্তিযোদ্ধারা তাদের বাধা দেয়। পাঁচ ঘণ্টার সম্মুখযুদ্ধে প্রায় দুশ' মুক্তিযোদ্ধা শহীদ হন। হতাহত হয় অনেক পাকিস্তানি সেনা। পরে পাকিস্তানি হানাদার বাহিনী ওই এলাকায় গণহত্যা ও লুটপাট করে। স্বাধীনতার ৩৮ বছরেও বিড়ালদহ সম্মুখ যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে সেখানে কোন স্মৃতিস্তম্ভ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.