ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ-কে গণতন্ত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আখ্যায়িত করলেন আকবর আলী খান।
রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান সাবেক এ উপদেষ্টা যুক্তি দিয়ে বলেন, বিদ্যুৎ কম থাকলে বিনিয়োগ কমে যাবে যার প্রতিক্রিয়ায় দুর্বল হয়ে পড়বে গণতন্ত্র।
আকবর আলী খান মঙ্গলবার 'বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কমিটেড টু ইমপ্র"ভিং দি লাইভস অব অল বাংলাদেশি : ওয়ান লাইট বাল্ব ম্যাটারস' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় সেবাখাতের জন্য একটি শক্তিশালী কমিশন গঠন করা উচিত বলে মত দেন তিনি।
বিদ্যুৎ ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে আকবর আলি বলেন, গণতন্ত্র, অনুদার গণতন্ত্র ও স্বৈরতন্ত্র সব ব্যবস্থাতেই বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব। কিন্তু বিদ্যুৎ যদি কম থাকে তাহলে বিনিয়োগ কমে যাবে। এর ফলে কর্মসংস্থান কম হবে বলে জানিয়ে তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান কম হলে সামাজিক অস্থিরতা দেখা দেবে। এর পরিণতিতে দুর্বল হয়ে পড়বে গণতন্ত্র। তাই বাংলাদেশে এখন বিদ্যুতই সবচেয়ে বড় সমস্যা।
সাবেক উপদেষ্টা বলেন, কমিশনগুলোকে স্ব^াধীনভাবে কাজ করতে দেওয়া হলে সরকার শক্তিশালীই হবে, তার ক্ষমতা খর্ব হবে না।
বিইআরসিকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত মন্তব্য করে আকবর আলি বলেন, "দুর্ভাগ্যবশত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সে স্বাধীনতা দেওয়া হয়নি। আইনে উল্লেখ রয়েছে পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিইআরসির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে সরকার বিইআরসির সঙ্গে কোনও আলোচনা না করে ইচ্ছামতো দাম নির্ধারণ করেছে।"
তিনি বলেন, "আমি আশা করবো তত্ত্বাবধায়ক সরকার যে ভুল করেছে গণতান্ত্রিক সরকার সে ভুল করবে না।"
বেশি কমিশন গঠন করা যুক্তিযুক্ত হবে না মন্তব্য করে একটি কমিশনের মাধ্যমে কাজ করার প্রস্তাব দেন আকবর আলি। তিনি বলেন, "আপাতত সবগুলোর কমিশনের কাজ আছে বলে মনে হবে। কিন্তু তিন/চার বছর দেখা যাবে কমিশনগুলোর আর কোনও কাজ নেই।"
বিইআরসির চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বিদ্যুতের ন্যায্য মূল্য নির্ধারণের তাগিদ দেন। তিনি বলেন, এ না হলে বিদ্যুৎ পাওয়া যাবে না। কাঙ্খিত উন্নয়নও সম্ভব হবে না।
বৈঠকে ইউএসএইডের ডেপুটি মিশন ডিরেক্টর ক্যারি এন গর্ডনও বক্তব্য দেন।
অনুষ্ঠানের পাঁচটি অধিবেশনে বিদ্যুৎ খাতের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে গবেষক ছাড়া অন্যরাও অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/এসকে/২০৫১ঘ.
bdnews24