সিরাজগঞ্জ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নির্বাচনের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত আলী আলম।
সোমবার রাত পৌনে ১১টায় রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাইয়ুম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলী আলম (চেয়ার প্রতীক) ৫২ হাজার ২০৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত ফজলুল হক সরকার (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৫ হাজার ২০৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জানান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হামিদ আকন্দ (বাঘ প্রতীক)। মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন একই দল সমর্থিত সোনিয়া সবুর (আম)।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৮১টি কেন্দ্রের ভোটগ্রহণ চলে। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯৬ হাজার ২শ' ৩৯ জন।
গত ২২ জানুয়ারি ভোটকেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগে এ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছিল। প্রভাব খাটানোর অভিযোগে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও তার মেয়েসহ ছয়জনের বিরুদ্ধে মামলাও করেছিল নির্বাচন কমিশন। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০২ ঘ.
bdnews24