২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে'র মধ্যে রাজধানীতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর নির্দেশ

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুই মাসের মধ্যে রাজধানীতেও পাড়ায় পাড়ায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করতে চায় পুলিশ। সরকারি তহবিল নয় বরং স্থানীয়দের অনুদান দিয়ে এর অবকাঠামো দাঁড় করানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুই মাসের মধ্যে রাজধানীতেও পাড়ায় পাড়ায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করতে চায় পুলিশ। সরকারি তহবিল নয় বরং স্থানীয়দের অনুদান দিয়ে এর অবকাঠামো দাঁড় করানো হবে। শনিবার রাজারবাগ পুলিশ টেলিকম অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত আলোচনা সভায় এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক। আগামী মে মাসের মধ্যে প্রতিটি থানায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর নিদের্শ দিয়ে তিনি বলেন, "এই সময়ের মধ্যে কমিটি গঠন করতে হবে। তবে বিতর্কিত ব্যক্তি, চোরাকারবারি, জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা নেই তাদের এই কমিটিতে রাখা যাবে না।" সভায় মহানগরীর সবকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার শহীদুল হক বলেন, "আইন করে কমিউনিটি পুলিশিং চলে না। তবে এটা পুলিশের অর্গানোগ্রামে আনার চেষ্টা করা হবে।" সভার শুরুতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের লেখা 'কমিউনিটি পুলিশিং কি এবং কেনো' বইটি উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয়। ওই বইয়ে এই সংগঠনের আয়ের উৎস হিসাবে যে কারো কাছ থেকে অনুদান এবং সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করার কথা বলা হয়েছে। এ ব্যাপারে কমিশনার শহীদুল হক বলেন, "চট্রগ্রামে একজন হাজী দুই লাখ টাকা দিয়ে তহবিল গঠন করেন। এরকম অনেকেই আছেন তারা টাকা দেবেন। তবে এ ব্যাপারে গত বছর পুলিশ সদর দপ্তরে একটি প্রস্তাব পাঠানো হয়েছে যেন অন্তত প্রতিবছর থানা প্রতি এক হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এটা এখানো অনুমোদন পায়নি।" সকাল ১০টায় শুরু হওয়া সভায় কমিউনিটি পুলিশিং- এর ওপরে কিছু ভিডিও চিত্র দেখানো হয়। শহীদুল হক তার বক্তব্যে উপস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আরও বিভিন্ন ব্যাপারে দিক নির্দেশনা দেন। তিনি তাদের উদ্দেশে বলেন, "আপনারা মিথ্যা মামলা নেবেন না। মামলা নেওয়ার আগে তদন্ত করবেন। আর যদি আদালতের নির্দেশে মামলা নিতেও হয় তা হলে আসামি থানায় এলে তাকে গ্রেপ্তার করবেন না।" প্রতিটি থানা এলাকাকে মাদক মুক্ত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দেন কমিশনার। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বক্তব্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার প্রশংসা করে এর স্থায়ী সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার পক্ষে মত দেন। তারা রাজধানীতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা জটিল- অভিমত দিয়ে বলেন, এটা পুলিশ কমিশনারের জন্য চরম পরীক্ষা। অন্য সব জেলার মতো রাজধানীর পরিবেশ, সামাজিক অবস্থান এক নয়। এখানে ভিন্নভাবে এই পদ্ধতি চালু করতে হবে। সরকারি দলের ছাত্র সংগঠনের কর্মীরা পুলিশের সামনেই অস্ত্র নিয়ে ঘুরছে; সরকারি দল বলেই কি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না- এমন অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, "ছাত্র সংগঠনগুলোর রাজনীতি তো মূলদলের দেখার দায়িত্ব। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিছু দায়িত্ব আছে।" ফৌজদারি আইনের আওতায় কোন অপরাধ হলে সেটা পুলিশ দেখবে বলেও সভাশেষে সাংবাদিকদের জানান পুলিশ কমিশনার। উইকিপিডিয়া সূত্রে দেখা যায়, বিশ্বের বেশ কয়েকটি দেশে কমিউনিটি পুলিশিং পদ্ধতি চালু রয়েছে। সর্বপ্রথম ইংল্যাল্ড ও ওয়েলসে এই পদ্ধতি চালু করা হয়। পরবর্তীতে বিশ্বের বেশ কয়েকটি দেশ পদ্ধতিটি গ্রহণ করে। কানাডা, আমেরিকার মতো উন্নত দেশসহ পূর্ব তিমুর ও আরো কয়েকটি দেশে এই ব্যবস্থা চালু করে সাফল্য পাওয়া গেছে। বাংলাদেশে কয়েক বছর আগে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু হয়। বিভিন্ন পাড়া-মহল্লায় স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তায় এরা লাঠি ও বাঁশি হাতে কমিউনিটিতে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/১৯৪৫ ঘ.