নীলফামারী, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - তিস্তা সেচ প্রকল্পের রংপুর প্রধান খালের পাড় ধসে রোববার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রায় দেড় শতাধিক ফসলী জমি তলিয়ে গেছে। ভেসে গেছে কয়েকটি পুকুর। হাটু সমান পানিতে তলিয়ে গেছে ২০ পরিবারের বাড়ি-ঘর।
এছাড়া রংপুর জেলার পাঁচটি উপজেলার ২২ হাজার হেক্টর জমির সেচ কার্যক্রম বন্ধ রয়েছে।
খালের পাড় মেরামত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সহিদুল ইসলাম।
কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সামসুল আজম জানান, চলতি সেচ মৌসুমে রংপুর জেলার পাঁচটি উপজেলায় বোরোর জমিতে সেচ কার্যক্রম চালাতে রংপুর প্রধান খালে পানি ধরে রেখেছিল পানি উন্নয়ন বোর্ড।
রোববার সকালে পানির চাপে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ময়দান পাড়া গ্রামে খালের বাম পাড়ের ৩০ ফুট অংশ ধসে যায়। এতে ওই এলাকার প্রায় দেড় শতাধিক একর জমির বোরো, তামাক, আলু ও গম তলিয়ে গেছে। ভেসে গেছে কমপক্ষে পাঁচটি পুকুরের মাছ।
এছাড়া জোবেদা খাতুন, হালিম মাস্টার, ছকমল হোসেন, শফিয়ার রহমানসহ ২০টি পরিবারের বাড়ি-ঘর হাটু সমান পানিতে তলিয়ে গেছে।
উপজেলার ময়দান পাড়া গ্রামের আজিজার রহমান, মহব্বত আলী, ছকমল হোসেন, ইউনুস ছাইয়া, আহমেদ, শফিয়ার, দেলোয়ার, জাহেদুলসহ কয়েকজন কৃষক জানান, রংপুর প্রধান খালের রাজিব এলাকার গেট অপারেটর ও গাড়াগ্রাম দুই নম্বর টারশিয়ারি খালের গেট অপারেটরের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।
রংপুর পাউবো'র নিবার্হী প্রকৌশলী সহিদুল ইসলাম বলেন, তিস্তা নদীতে পানি না থাকায় কৃষকদের চাহিদা মত পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে পালা করে রংপুর, নীলফামারী ও দিনাজপুর খালে পানি দিতে হচ্ছে। সেচ প্রকল্পের তিন জেলার প্রধান খাল ভরতে তিন থেকে চার দিন সময় লাগে।
পানি নিতে কৃষকদের মধ্যে প্রতিযোগিতার কারণে রংপুর প্রধান খালের পাড় বিধ্বস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, খালের পাড় মেরামতের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হাসান, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামসুল আজম, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান চৌধুরী ও গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তারা বলেছেন, পাড় মেরামতের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24