টাঙ্গাইল, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত হওয়ার দু'মাস ১০ দিন পর রাজধানীর একজন ব্যবসায়ী লাশ রোববার টাঙ্গাইলের কেন্দ্রীয় গোরস্থান থেকে উদ্ধার করা হয়েছে।
ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (২৮) রাজধানীর পুরানা পল্টনের ফেইথ ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
গত ১২ জানুয়ারি জাহাঙ্গীরকে ঢাকা থেকে অপহরণের পর মাইক্রোবাসে করে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়।
অপহরণ মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মেহেদী হাসান জুয়েল পুলিশকে বলেছেন- তার ছোট ভাই মামুন হাসান রুবেল, তার শ্যালক রাসেল, বন্ধু অলিউল্লাহ, হালিম ও সিরাজ এ ঘটনা ঘটিয়েছে। এ জন্য ফেইথ ফাইন্যান্সের চেয়ারম্যান ফরিদ হোসেন ভুঁইয়া তাদের এক লাখ ৮০ হাজার টাকা দিয়েছেন।
এক পর্যায়ে জাহাঙ্গীরকে তারা হত্যা করে বস্তায় ভরে লাশ টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের রসুলপুর দোখলা সড়কের একটি গর্তে ফেলে দেয়। পরে সেখান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করেছিল।
রোববার আদালতের নির্দেশে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিয়াউর রহমানের উপস্থিতিতে জাহাঙ্গীরের লাশ কবর থেকে তোলা হয়। পরে ডিএনএ পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মাধ্যমে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেহেদী হাসান জুয়েল এ হত্যা পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করলেও হত্যার সময় তিনি উপস্থিত ছিলেন কি না তা পুলিশ জানাতে পারেনি। হত্যাকাণ্ড কবে হয়েছে তা-ও বলতে পারেনি পুলিশ।
পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, অপহরণের ঘটনায় জাহাঙ্গীর আলম-এর ছোট ভাই মো. আলমগীর গত ১৯ জানুয়ারি মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় জাহাঙ্গীরের রুমমেট মেহেদী হাসান জুয়েলকে। মামলাটি পরবর্তী সময়ে মহানগর গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়।
পরিদর্শক জানান, গ্রেপ্তারের পর ঘটনার মূল হোতা বলে সন্দেহভাজন মেহেদী হাসান জুয়েল গত ২৪ ফেব্র"য়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, তিনি গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত জাহাঙ্গীর ময়মনসিংহের খাগডহর এলাকার অলিউল্লার বাড়িতে ছিলেন।
গোয়েন্দা পুলিশ গত ২০ মার্চ মধুপুর এলে বনপ্রহরী বজলুল করিম জানান, ১ ফেব্র"য়ারি স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। মধুপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করে। এ ব্যাপারে মধুপুর থানায় একটি হত্যা মামলা হয়।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমানের কাছে থাকা মৃতদেহের ছবি ও আলামত দেখে ছোট ভাই আলমগীর নিশ্চিত হন যে, সেটি জাহাঙ্গীর আলমের। ২১ মার্চ মধুপুর থানার ওই মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান কবর থেকে লাশ তোলার জন্য আবেদন জানান।
মেহেদী হাসান জুয়েলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঈশ্বরনন্দী গ্রামে। তার বাবা নূরুল মোমিন পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।
অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম গোপাল গ্রামের বাসিন্দা ও পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক আবুল খায়েরের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২৩২৬ঘ.
bdnews24