কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে টিকেট বুক করার ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামীণ ফোন ও বাংলালিংক মোবাইল ফোন থেকে এসএমএস-এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে যায়, এ ধরনের ৪৬টি আন্তনগর ট্রেনের সবগুলোর টিকেট বুক করতে পারবেন যাত্রীরা।
এর ব্যাখ্যা দিতে গিয়ে অতিরিক্ত মহা-পরিচালক কাজি আসাদুল্লাহ বলেন, "কোন যাত্রী ঢাকা থেকে সিলেট কিংবা দিনাজপুর যেতে চাইলে তিনি এসএমএস-এর মাধ্যমে টিকেট বুক করতে পারবেন।"
কিন্তু সিলেট কিংবা দিনাজপুর থেকে ঢাকা আসতে চাইলে যাত্রীরা এই সুযোগ পাবেন না বলে তিনি জানান।
রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন বলেন, চুড়ান্ত অনুমোদনের জন্য তার বিভাগ এরই মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে এ ব্যাপারে একটি প্রস্তাব পাঠিয়েছে।
তিনি বলেন, "আমাদের অপারেটর সিএনএস (কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস)-এর মাধ্যমে এসএমএস পাঠিয়ে টিকেট বুক করার প্রয়োজনীয় প্রস্তুতি আমরা নিয়েছি।"
রেলওয়ের মহাপরিচালক তার দফতরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রণালয় অনুমোদন দিলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ব্যবস্থা চালু করবো।"
এটি চালু করার জন্য অর্থ মন্ত্রণালয়েরও অনুমোদন লাগতে পারে বলে তিনি মনে করেন।
আরেকজন অতিরিক্ত মহাপরিচালক টি এ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীদের অবশ্যই নির্দিষ্ট একটি নম্বরে এসএমএস পাঠাতে হবে। উল্লেখ করতে হবে ট্রেনের নাম ও গন্তব্যের কথাও।
এর জবাবে যাত্রীদের একটি ম্যাসেজ পাঠানো হবে বলে জানিয়ে তিনি বলেন, এতে লেখা থাকবে বুক করার মতো পর্যাপ্ত টিকেট আছে কি না।
টি এ চৌধুরী বলেন, "যাত্রীর মোবাইল ফোনে পর্যাপ্ত অর্থ থাকলে তিনি টিকেট নিশ্চিত করার ব্যাপারে একটি ফিরতি ম্যাসেজ পাবেন। এতে টিকেটের ক্রমিক নম্বর উল্লেখ থাকবে।"
টিকেট নিশ্চিত করার ফিরতি ম্যাসেজ ও ক্রমিক নম্বর দেখিয়ে কাউন্টার থেকে যাত্রীরা টিকেট সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, এসএমএস-এর মাধ্যমে ৪৬টি আন্তনগর ট্রেনের প্রায় নয় শ' টিকেট বুক যাবে।
"যদি সফল হই, তাহলে সারা দেশে এটি চালু করা হবে", বললেন তিনি।
অতিরিক্ত মহা-পরিচালক কাজি আসাদুল্লাহ বলেন, "এসএমএস-এর মাধ্যমে টিকেট বুক করার জন্য সফ্টওয়্যারের নক্সা এরই মধ্যে আমারা তৈরি করেছি। এ ব্যাপারে রেলওয়েও আমাদের ছাড়পত্র দিয়েছে।"
সিএনএস-এর ব্যবস্থাপনা পরিচালক মুনিরুজ্জামান চৌধুরী বলেন, "মন্ত্রণালয় অনুমতি দিলে এক থেকে দুই মাসের মধ্যে এটি চালু করা হবে।"
সফ্টওয়্যার কোম্পানি সিএনএস রেলওয়ের কম্পিউটারাইজড টিকেটিং ব্যবস্থার তদরকি করে থাকে।
মুনিরুজ্জামান বলেন, বাংলালিংক মোবাইল ফোন থেকে ১৩১৩ নম্বরে ডায়াল করে যাত্রীরা ট্রেনের নাম ও সময়সূচি সম্পর্কে জানতে পারবেন।
এছাড়া এই নম্বরে ডায়াল করে যাত্রীরা ট্রেনের খালি আসনের সংখ্যা সম্পর্কেও জানতে পারবেন বলে তিনি জানান।
মুনিরুজ্জামান বলেন, এপ্রিলের প্রথম দিক থেকে গ্রামীণ ফোন থেকে ১৩১৩ নম্বরে ডায়াল করে যাত্রীরা এই একই সুবিধা পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/০০১৩ঘ.
bdnews24